কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার বিতরণ
কবি হাবীবুর রহমান অধুনা প্রায় বিস্মৃত একটি নাম। পঞ্চাশ-ষাটের দশকে তিনি বিপুল খ্যাতি পেয়েছিলেন শিশুসাহিত্যিক হিসেবে। শিশুসংগঠক হিসেবেও ছিলেন অগ্রণী ভূমিকায়। তাঁর হাতে গড়া খেলাঘর আসর এখন দেশের অন্যতম প্রধান শিশুসংগঠন। তাঁর স্মৃতিরক্ষার্থে প্রবর্তন করা হয়েছে ‘কবি হাবীবুর রহমান সাহিত্য পুরস্কার’। গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে এ পুরস্কার প্রদান করো হলো। এর আয়োজন করেছে শিশু-কিশোর পত্রিকা ছোটদের সময়।
কেন্দ্রীয় গণগ্রন্থাগারের সেমিনারকক্ষে বিকেলে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এবার চারজন লব্ধপ্রতিষ্ঠ এবং দুজন নবীন লেখককে এ পুরস্কার প্রদান করা হয়েছে। পুরস্কার পেয়েছেন কথাসাহিত্যে আনিসুল হক, কবিতায় আসলাম সানী, প্রবন্ধে আহমাদ মাযহার ও শিশুসাহিত্যে আমীরুল ইসলাম। তরুণদের মধ্যে ছড়ায় মামুন সারওয়ার ও কথাসাহিত্যে আশিক মুস্তাফা। অনুষ্ঠানে তাঁদের হাতে চেক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরিয়ে দেওয়া হয় উত্তরীয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন শিশুসাহিত্যিক রফিকুল হক দাদুভাই। স্বাগত বক্তব্য দেন ছোটদের সময় পত্রিকার সম্পাদক আবু রায়হান। কবি হাবীবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন আলী ইমাম, লেনিন চৌধুরী, সুজন বড়ুয়া ও আনজীর লিটন।