কবিকে স্মরণ করে দিনভর আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাইশে শ্রাবণ। দিনভর বাঙালির সৃষ্টিশীল উৎকর্ষের উদ্যাপন, রবীন্দ্রস্মরণ। সরকারি, বেসরকারি ছোট-বড় নানা অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথ’ই হবেন মূল উপলক্ষ।
শিল্পকলায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান: শিল্পকলা একাডেমীর উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্মরণ করা হবে কবিকে। একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষাবিদ আখতার কামাল।
বাংলা একাডেমিতে একক বক্তৃতা ও গান: কবিকে স্মরণ করে বাংলা একাডেমি আজ বৃহস্পতিবার বিকেল চারটায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনারকক্ষে একক বক্তৃতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। ‘যুদ্ধ ও বিশ্বশান্তি প্রসঙ্গে রবীন্দ্রভাবনা’ শীর্ষক একক বক্তৃতা দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বেগম আখতার কামাল। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে রয়েছে আবৃত্তি ও রবীন্দ্রসংগীত পরিবেশনা।
দুই দিনের অনুষ্ঠান শিল্পী সংস্থার: শাহবাগের পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা কবিগুরুর মহাপ্রয়াণ বার্ষিকী উদ্যাপন করবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় শুরু হবে এ আয়োজন। শুক্রবার সন্ধ্যা ছয়টায় দুই দিনব্যাপী অনুষ্ঠানে সংস্থার নবীন-প্রবীণ শিল্পীরা অংশ নেবেন।