কবিগুরুকে নিয়ে একগুচ্ছ আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রসংগীত গেয়ে ঢাকার শ্রোতাদের মুগ্ধ করলেন পশ্চিম বাংলার অতিথি অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। গতকাল মঙ্গলবার ধানমন্ডির বেঙ্গল ফাউন্ডেশনের শিল্পালয়ে আয়োজিত অনুষ্ঠানে গানের ফাঁকে ফাঁকে তাঁর কথা বলাও ছিল বেশ উপভোগ্য। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রসংগীত বিভাগের এই শিক্ষক বলেন কবিগুরুর গানের কথা ও সুরবৈচিত্র্য নিয়ে। অনুষ্ঠানের উপলক্ষ ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী।‘জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’ গানটি পরিবেশনের মধ্য দিয়ে শুরু করেন অগ্নিভ বন্দ্যোপাধ্যায়। এরপর ‘কৃষ্ণকলি আমি তারেই বলি’, ‘চরণধ্বনি শুনি তব নাথ’, ‘আজি কমলমুকুলদল’, ‘আসা-যাওয়ার মাঝখানে’—এসব গান গেয়ে শোনান।রবীন্দ্রনাথের গানের কথা ও সুরের বৈচিত্র্য সম্পর্কে অগ্নিভ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নিজের বিপুল, গভীর ও বিচিত্র গানের ভুবনকে রবীন্দ্রনাথ বলেছিলেন শেষ পারানির কড়ি। নিঃসংশয়ে বিশ্বাস করতেন, সুখে-দুঃখে তাঁর গান বাঙালিকে গাইতে হবে।’কেন? বলেই অগ্নিভ বলেন, প্রশ্ন হওয়া উচিত বরং কেন নয়। কারণ বহুমাত্রিক এবং বৈচিত্র্যময় রবীন্দ্রসংগীত অতলস্পর্শী তো বটেই, বেঁচে থাকার অবলম্বনও। আর কোনো গান তো এমনি এমনি কোনো জাতির জীবনলগ্ন হয়ে যায় না। তাকে হতে হয় একই সঙ্গে ঐতিহ্য-আশ্রয়ী ও প্রথাবিরুদ্ধ। বাঙালি হাজার বছর যত সুরে গেয়েছে—কীর্তন থেকে শুরু করে বাউল, সারি প্রভৃতি মিলেছে রবীন্দ্রসংগীতে। অগ্নিভের কথায়, এ ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঐতিহ্যের অনুসারী। কিন্তু বিদেশি সুর সংযোজন, কথা ও সুরের বৈচিত্র্যময় সম্মিলনে তিনি শুধু প্রথাবিরুদ্ধ নন, অভিনব।সংগীত, আবৃত্তি ও আলোচনা প্রধান মিলনায়তনের ভেতরে, বাইরে, লবিতে, সিঁড়ির দুই ধারে, প্রাঙ্গণে—সর্বত্রই রবীন্দ্রনাথের নানা বয়সের প্রতিকৃতি। প্রতিকৃতিগুলোর মধ্যে আছে কবির বিভিন্ন কবিতা, গান, পত্র, প্রবন্ধ ও নিবন্ধের নির্বাচিত অংশ। এ চিত্র জাতীয় জাদুঘরের। এখানেও উপলক্ষ রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী। এ অনুষ্ঠানের আয়োজক ছিল রবীন্দ্র একাডেমি। গতকাল সন্ধ্যায় এর উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নেন একাডেমির সভাপতি জামাল নজরুল ইসলাম, এ আজিজুর রহমান, সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান প্রমুখ।সংগীত পরিবেশন করেন বাংলাদেশের মিতা হক, শামা রহমান, অনিমা রায় প্রমুখ। এ ছাড়া ছিলেন পশ্চিমবঙ্গের শ্রাবণী সেন ও মনোময় ভট্টাচার্য। তাঁরা শোনান ‘এসো এসো আমার ঘরে’, ‘আমি রূপে তোমায় ভোলাব না’, ‘তুমি কি কেবলই ছবি’, ‘নিত্য তোমার যে ফুল ফোটে’—এসব গান।গানের মাঝে মাঝে আবৃত্তিতে অংশ নেন সৈয়দ সাব্বির ও মীনাক্ষ্মী সিনহা।চলচ্চিত্র উৎসব ‘ছায়াচিত্রে রবীন্দ্রনাথ’রবীন্দ্রনাথের জন্ম সার্ধশততমবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে গতকাল শুরু হয়েছে বিশেষ চলচ্চিত্র উৎসব। তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের যৌথ আয়োজনে ‘ছায়াচিত্রে রবীন্দ্রনাথ’ শীর্ষক দুই দিনের এ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। উদ্বোধনী দিনে দেখানো হয় সত্যজিৎ রায় পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুর প্রামাণ্যচিত্রটি।উৎসবের দ্বিতীয় দিন বুধবার চারটি সেশনে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে। প্রতিটি প্রদর্শনীর টিকিটের দাম ১০ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা তাদের পে-ইন স্লিপ দেখিয়ে বিনা মূল্যে দুটি চলচ্চিত্র দেখতে পারবেন।বিতর্ক উৎসব কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের তার্কিকদের সংগঠন ‘বিতর্ক’ আয়োজন করেছে ‘রবীন্দ্র বিতর্ক উৎসব ১৪১৮’। আজ থেকে ৭ মে পর্যন্ত জগন্নাথ হল ও ছাত্র-শিক্ষক কেন্দ্রে অনুষ্ঠিত হবে এই উৎসব। ৬ মে পর্যন্ত হবে আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। ‘রবীন্দ্রনাথ গণমানুষের নয়’, ‘রবীন্দ্র সাহিত্যে নারী নেই, আছে রমণী’, ‘আধুনিকতাবাদের সবকিছু রবীন্দ্রনাথের অনুমোদন পায়নি’সহ রবীন্দ্রনাথ নিয়ে নানা বিষয়ে বিতর্ক করবে বিশ্ববিদ্যালয় পর্যায়ের ৩২টি বিতর্ক ক্লাব। চ্যাম্পিয়ন দলকে পুরস্কার হিসেবে দেওয়া হবে রবীন্দ্র রচনাবলী। ৭ মে টিএসসি মিলনায়তনে হবে প্রদর্শনী বিতর্ক, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।