
‘কালো মেয়ে যাবে বিউটি কনটেস্টে! এটা কোনো কথা?’—কথাটা এমনই। বেশির ভাগ লোক হয়তো এই পথেই ভাববেন। কিন্তু পৃথিবীতে বহুবার প্রমাণিত হয়েছে, ফরসা মানেই সুন্দর নয়। সৌন্দর্য অন্য ব্যাপার। ২০০৮ সালে মিস ইউনিভার্স হয়েছিলেন ভেনেজুয়েলার মেয়ে ডায়ানা মেনদোজা এবং মিস চিটাগং হয়েছিলেন প্রিয়াম সরকার। একজনের গায়ের রং কালো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তাঁদেরই বুঝি বলেছেন কৃষ্ণকলি। কী সৌভাগ্য! অনেক দূরের রূপবতী মিস ভেনেজুয়েলা থাকুক, কথা হোক চট্টগ্রামের মেয়েটিকে নিয়ে। প্রিয়াম মঞ্চের মেয়ে। বিনোদিনী নাট্যদলে ঢুকে তাঁর প্রথম নাটক ছিল পায়ের আওয়াজ পাওয়া যায়। সে সময় ভাবনায় ছিল না টেলিভিশন বা বড় পর্দার কথা। পরে ছোট পর্দার বেশ কয়েকটি নাটকে দেখা গেছে তাঁকে।
গত ২১ মে শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনের বাইরে দেখা গেছে তাঁকে। অল্প চেনা মানুষদের কাছে অনেক দিনের চেনা মানুষের মতো জানতে চাইছিলেন, কেমন লাগল কমলাপুরাণ? এটি প্রিয়াম অভিনীত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। সরকারি অনুদানে বানানো ৪৩ মিনিটের এ ছবিতে প্রিয়ামকে অভিনয় করতে দেখা যায়নি। তাঁকে ‘কমলা’ হয়ে উঠতে দেখা গেছে। এই প্রশংসার ভাগ দিলে গর্বে ফুলে ওঠেননি। চোখ বুজে বিনয়ে সংকুচিত হয়েছেন। কিছুদিন আগে প্রথম আলোর ক্যানটিনে নিজের গল্প বলছিলেন পুরাণের এই কমলা। রসায়নের শিক্ষক-মা তাঁর খুব ভালো গান করেন। বাপ-চাচারা সবাই চিকিৎসক-প্রকৌশলী। এগুলো ছাড়া অন্য পেশাকে ঠিক ‘নিরাপদ’ পেশা মনে করেন না তাঁরা। কিন্তু তাঁদের মেয়ে ভালোবাসে অন্য কিছু। তাঁদের মেয়ে শাস্ত্রীয় গান শিখেছে, শিল্পকলা একাডেমিতে নিয়েছে অভিনয়ের প্রশিক্ষণ। পাশের দেশ থেকে অভিনয়ের ওপর কর্মশালা করার প্রবল ইচ্ছে। যেকোনো দিন শুরু করবে কারাতের ক্লাস। জানতে চাই, ‘কমলা হতে কী কী করতে হয়েছে?’ প্রিয়াম বলেন, ‘কিছুই করতে হয়নি।
পরিচালক আমিনুর রহমান আমার মতো একজনকেই খুঁজছিলেন, যাকে হতে হবে কৃষ্ণবরন। যা করার, সেসব তো আগেই করা হয়ে গেছে। লাক্সের বিউটি কনটেস্টে টপ সেভেনটিনে গিয়েছিলাম। বিখ্যাত সব প্রশিক্ষক এক মাস ধরে আমাকে যেসব শিখিয়েছিলেন, সেগুলো বেশ কাজে দিয়েছে।’ আইফোনের পর্দায় নিজের ছবির ট্রেলার বের করে দেখান তিনি। একটা সাঁকোর পিলারের ওপর বসে পা দোলাচ্ছেন তিনি, মাথার ওপর থেকে ঝমঝম করে চলে যাচ্ছে রেলগাড়ি। মুখে বললেন, ‘আমার সাহস কত দেখেছেন?’ বুঝলাম, অনেক সাহস। কিন্তু ধৈর্য কেমন? মিডিয়ায় কাজ করতে অনেক কাঠখড় পোড়াতে হয়, অপেক্ষা করতে হয়। নিজেকে আরও চৌকস করে তুলতে হয়।
প্রিয়াম জানালেন, তিনি প্রস্তুত। এখন শুধু একজন পেশাদার পরিচালককে তাঁকে দিয়ে কাজ করিয়ে নিতে হবে। বললেন, ‘বিবিএ-এমবিএ পড়েছি বটে। কিন্তু সব ছেড়ে ছুড়ে অভিনয়ে লেগে আছি, ভালো কিছু করব বলেই তো।’