কবিগুরুর গানে গানে গীতিময় প্রবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড্ডার মূলপাঠ রবীন্দ্রনাথ। কবিগুরুর সাহিত্যকর্ম নিয়ে আলোচনার জন্য কতিপয় তরুণ এ আড্ডার আয়োজন করেন। গতকাল শুক্রবার ‘খামখেয়ালী সভা’ নামের এ আড্ডার ছিল ১৯তম আসর। বিকেলে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান মিলনায়তনে এ আড্ডায় অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আবু সায়ীদ। আড্ডার বিষয় ছিল গীতবিতান-এর প্রেম ও পূজা পর্বের গান। এ নিয়ে প্রবন্ধ শোনালেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। প্রবন্ধের মতো গুরুগম্ভীর বিষয় তিনি দর্শকদের শোনালেন গানের ভেলায় ভাসিয়ে। একটি গান, ফাঁকে ফাঁকে প্রবন্ধের খানিক অংশ। এমন গীতিময় প্রবন্ধ নিশ্চয়ই এই প্রথম শুনেছেন উপস্থিত সুধীজনেরা।
তিনি ‘কি গাব আমি, কি শোনাব’, ‘জাগো জাগো রে সঙ্গীত হে’, ‘কান্নাহাসির দোল-দোলানো পৌষ-ফাগুনের পালা’সহ বেশ কটি গান গেয়ে শোনান। এ সময় মঞ্চে তাঁর সঙ্গে ছিলেন তাঁরই তিন শিক্ষার্থী শিল্পী অনুশ্রী ভট্টাচার্য, সাথী সরকার ও নূর-ই-রেজিয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভার উপদেষ্টা পরিষদের সদস্য মহিউদ্দিন তাহের ও জাকির হোসেন প্রমুখ।