কবিগুরুর নৃত্যচিন্তা
রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যচিন্তা ও চিত্রকলা নিয়ে গতকাল শনিবার ঢাকা আর্ট সেন্টারে আলোচনা করলেন সুশোভন অধিকারী। পাশাপাশি নৃত্যও পরিবেশন করেন শান্তিনিকেতনের নৃত্যশিল্পী চিরঞ্জীব পাল। খুলনার দক্ষিণডিহিতে ৮ মে কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে তিনি বাংলাদেশে এসেছেন। সুশোভন অধিকারী ১৯৮৩ সাল থেকে শান্তিনিকেতনের নন্দন জাদুঘরে রবীন্দ্রনাথের এক হাজার ৬০০টি চিত্রকর্মের কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।অনুষ্ঠানে ‘রবীন্দ্রনাথের নৃত্যচিন্তা’ ও ‘রবীন্দ্রনাথের চিত্রকলা’ বিষয়ে আলোচনায় সুশোভন অধিকারী রবীন্দ্রনাথের চিত্রপ্রতিভার বিকাশসহ ইউরোপ, ল্যাটিন আমেরিকার বিভিন্ন শিল্পরীতির সঙ্গে তাঁর চিত্রকলার সম্পর্ক নিয়ে কথা বলেন। নৃত্য পরিবেশন করেন শান্তিনিকেতনের নৃত্যশিল্পী চিরঞ্জীব পাল।অনুষ্ঠানের শুরুতে ঢাকা আর্ট সেন্টারের চেয়ারম্যান রামেন্দু মজুমদার সুশোভন অধিকারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সুশোভন অধিকারীর লেখা গ্রন্থের ওপর বক্তব্য দেন চিত্রসমালোচক মইনুদ্দীন খালেদ।