কবিগুরুর ভূমিকায় অভিনয়ের ইচ্ছা
‘রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করার সুযোগ পেলে নিজেকে গর্বিত মনে করব।’ কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন অমিতাভ বচ্চন। তাঁর নতুন ছবি আরাকশান-এর প্রচারণার কাজে বুধবার কলকাতায় আসেন তিনি। অমিতাভ আরও বললেন, ‘পরিচালক সুজয় ঘোষের একটি ছবিতে “যদি তোর ডাক শুনে কেউ না আসে” রবীন্দ্রসংগীতটি আমি নিজেই গেয়েছি। তবে সেই গানে আমার মন ভরেনি।’ ভারতের জাতপাত আর সংরক্ষণ নিয়ে আরাকশান ছবির গল্প। অমিতাভ বলেন, ‘আমি জাতপাতে বিশ্বাসী নই। আমার বাবা ছিলেন উত্তর প্রদেশের একজন খাঁটি কায়স্থ। আমার মা ছিলেন শিখ। শেষ পর্যন্ত বাবার পদবি শ্রীবাস্তব বদলে আমাদের পদবি হয়ে যায় মায়ের পদবি—বচ্চন। আমার ছোট ভাই অজিতাভ বিয়ে করেছে এক সিন্ধি মহিলাকে। আমার মেয়ে শ্বেতা বিয়ে করেছে পাঞ্জাবি ছেলেকে। আমার ছেলে অভিষেক বিয়ে করেছে আবার দক্ষিণের মেয়ে ঐশ্বরিয়াকে। আর স্ত্রী জয়া বাঙালি মেয়ে।’