কবিগুরুর স্মৃতিধন্য স্থানে উৎসব
গতকাল রোববার ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী। কবির স্মৃতিধন্য স্থানগুলোতে এ উপলক্ষে শুরু হয়েছে তিন দিনের জাতীয় পর্যায়ের কর্মসূচি। আমাদের প্রতিনিধিরা এসব কর্মসূচির বিস্তারিত প্রতিবেদন পাঠিয়েছেন।বিশ্বভরা প্রাণ: কুষ্টিয়া প্রতিনিধি জানান, কবিগুরুর সার্ধশততম জন্মবার্ষিকীতে হাজারো ভক্ত আর রবীন্দ্রপ্রেমীর সমাগমে কবির প্রিয় শিলাইদহের কুঠিবাড়ি প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠেছে। নারীদের পরনে ছিল লালপেড়ে সাদা শাড়ি, খোঁপায় ফুলের মালা। পুরুষেরা পরেছিলেন নকশা করা রঙিন পাঞ্জাবি। বাবা-মায়ের সঙ্গে ছিল শিশু-কিশোরের দল। গ্রীষ্মের খরতাপ উপেক্ষা করে সকাল থেকে সারা দিনই কুঠিবাড়িতে ছিল অগণিত মানুষের আসা-যাওয়া। তিল ধারণের ঠাঁই ছিল না বিশাল প্রাঙ্গণে।সকালে কুঠিবাড়ি চত্বরে জেলা প্রশাসন আয়োজিত তিন দিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘শিলাইদহের কুঠিবাড়িতেই শান্তিনিকেতনের আদলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে।’ ‘বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান’ শিরোনামে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়ার শিল্পীরা। আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। তা রাত পর্যন্ত বিরতিহীন চলে। এতে জেলার বিভিন্ন সংগঠনের সদস্যরা কবির রচিত গান, কবিতা, নৃত্যনাট্য ও নাটক পরিবেশন করেন।টেগর লজ: এদিকে সকালে কুষ্টিয়া শহরে পৌরসভার আয়োজনে রবীন্দ্রনাথের আরেক স্মৃতিধন্য স্থান ‘কুষ্টিয়া টেগর লজে’ পৌর মেয়র আনোয়ার আলী মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপর সকাল সাড়ে ছয়টায় সারা দেশের মতো এখানেও একযোগে ‘হে নূতন, দেখা দিক আর-বার’ গানটি পরিবেশন করেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার শিল্পীরা। পতিসরে নাগর নদের তীরে: আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁ জেলার আত্রাই উপজেলার নাগর নদের তীরে অবস্থিত কবির স্মৃতিধন্য পতিসরে শুরু হয়েছে তিন দিনের রবীন্দ্র উৎসব। উৎসব মঞ্চের নামকরণ করা হয়েছে কবির বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নামে—‘দেবেন্দ্র মঞ্চ’। সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক। আলোচনার পর ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।হে নূতন, দেখা দিক আর-বার: নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ জানান, বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শাহজাদপুর কাচারিবাড়িতে তিন দিনের অনুষ্ঠান শুরু হয়েছে। কাচারিবাড়ির সামনে রবীন্দ্র মিলনায়তনে মৎস্য ও পশুসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাস অনুষ্ঠানের উদ্বোধন করেন। সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠান শুরু হয় ‘হে নূতন, দেখা দিক আর-বার’ উদ্বোধনী সংগীতের মধ্য দিয়ে।অনুষ্ঠানে রবীন্দ্রসাহিত্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক, আবদুল খালেক, সাংসদ চয়ন ইসলাম, আলোচনায় সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে প্রধান অতিথির কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়। কবির জন্মবার্ষিকী উপলক্ষে কাচারিবাড়ি প্রাঙ্গণ লোকসমাগমে মুখর হয়ে উঠেছে। পাশেই শাহজাদপুর পাইলট স্কুলের মাঠে বসেছে লোকমেলা। গতকাল বিকেলে ঢাকা ও ভারতের আমন্ত্রিত শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন।দক্ষিণডিহি: ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি জানান, ফুলতলায় দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্সে শুরু হয়েছে তিন দিনের উৎসব। বিকেলে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘কবির শ্বশুরবাড়িকে ঘিরে একটি রবীন্দ্রচর্চা কেন্দ্র গড়ে তোলা হবে।’ আলোচনা সভার শেষে ছিল সংগীতানুষ্ঠান। এ ছাড়া খুলনার হাদিস পার্ক, ডুমুরিয়া ও রূপসার পিঠাভোগে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।