কবিতা ও আলোচনায় গাজীউল হককে স্মরণ
মহান ভাষা আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারির নেতা। ভাষা আন্দোলনসহ বাঙালির প্রায় সব প্রগতিশীল আন্দোলনে তাঁর কণ্ঠ ছিল উচ্চকিত; মুক্তির সংগ্রামে তিনি ছিলেন সক্রিয়। এ ছাড়া তিনি বিভিন্ন আন্দোলন ও সংগ্রামের অর্জন ও চেতনা রক্ষার্থে আজীবন কাজ করে গেছেন। ভাষাসৈনিক গাজীউল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তাঁর সম্পর্কে বক্তারা এভাবেই বলছিলেন। গতকাল শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এই স্মরণসভার আয়োজন করে সাংস্কৃতিক সংগঠন আমরা সূর্যমুখী। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাংসদ আবদুল মতিন খসরু, ব্যারিস্টার আমীর-উল ইসলাম, আবুল হাসান চৌধুরী ও সূর্যমুখীর সমন্বয় সম্পাদক শফিকুল ইসলাম। আলোচনার আগে গাজীউল হককে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন আবৃত্তিশিল্পী শফি কামাল। এ ছাড়া তিনি আবৃত্তি করেন কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা।গাজীউল হক ১৯২৯ সালের ১৩ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী জেলার ছাগলনাইয়া থানার নিশ্চিন্তাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বগুড়া জিলা স্কুল, আযীযুল হক কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন আমতলায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের যে সভা থেকে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেওয়া হয়, তার সভাপতি ছিলেন গাজীউল হক। প্রথম দিকে একুশের প্রভাতফেরিতে গাওয়া হতো তাঁর লেখা গান ‘ভুলব না, ভুলব না, ভুলব না/ এই একুশে ফেব্রুয়ারি ভুলব না’। এ ছাড়া তিনি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন এবং ঊনসত্তরের গণ-আন্দোলনসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে যুক্ত ছিলেন।