কবিতা জাগাক প্রাণ
‘তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি/ ছেলে বেলায় এক বোষ্টমী তার আগমনী গান থামিয়ে বলেছিল/ শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে/ তারপর...’ সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’ কবিতাটি আবৃত্তির মধ্য দিয়ে আবৃত্তির অনুষ্ঠান শুরু করেছিলেন আবৃত্তিশিল্পী জানেমুল হক। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী ছাত্র। তাঁর প্রাণ বাঁচাতেই আবৃত্তির এই অনুষ্ঠান।প্রায় বছর তিন আগে তাঁর কিডনির রোগ ধরা পড়ে। তিনি জানান, বর্তমানে অবস্থা বেশি খারাপ হওয়ায় কিডনি প্রতিস্থাপন ছাড়া আর কোনো উপায় নেই। এমনিতে কিডনি প্রতিস্থাপন ব্যয়সাধ্য। তার ওপর জানেমুলের রক্তে হেপাটাইটিস সি থাকায় এই প্রক্রিয়া সম্পন্ন করতে স্বাভাবিকের চেয়ে খরচ পড়বে অনেক বেশি। তিনি জানান, এ জন্য প্রায় ১০-১২ লাখ টাকা প্রয়োজন। এ ব্যাপারে তিনি সবার সাহায্য প্রার্থনা করেন।অনুষ্ঠানের শিরোনাম ‘কবিতায় জাগাক প্রাণ’। গতকাল সন্ধ্যায় সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে স্বরকল্পন আবৃত্তিচক্র। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বরকল্পনের আহ্বায়ক মঈনুল হোসেন। স্বরকল্পনের সদস্যরা ছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কাজী আরিফ, রেজিনা ওয়ালি লীনা, বেলায়েত হোসেন, মাসকুরে সাত্তার, ঝর্ণা সরকার, লায়লা আফরোজ, হাসান আরিফ, শিমুল মুস্তাফা, মাহিদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে আবৃত্তিশিল্পীরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের ‘সেই মানুষটি ফসল ফলিয়েছিল’, ‘পৃথিবী ১৯৭৯’, ‘তিন পাহাড়ের স্বপ্ন’, ভাস্কর চৌধুরীর ‘আমার বন্ধু নিরঞ্জন’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সাধারণ মেয়ে’, মতিন বৈরাগীর ‘বুঝলে রাজা’—এসব কবিতা আবৃত্তি করে শোনান। অনুষ্ঠান শেষে স্বরকল্পনের পক্ষ থেকে জানেমুল আলমের কিডনির চিকিৎসার্থে দেড় টাকা দেওয়া হয়। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের পক্ষ থেকে সংগঠনের সাধারণ সম্পাদক আহ্কাম উল্লাহ্ প্রদান করেন ২৫ হাজার টাকার চেক। এ ছাড়া অনুষ্ঠানে জানেমুল আলমের চিকিৎসার জন্য সাহায্য আহ্বান করা হয়। সাহায্য পাঠানোর ঠিকানা: সঞ্চয়ী হিসাব নম্বর: ০১১৩১২১০০০৩৫৬৪০, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, মহাখালী শাখা, ঢাকা।