কবিতা নিয়েই কাটল সারাটা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলা একাডেমি আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের দ্বিতীয় দিনের একটি পর্ব ছিল মালয়েশিয়ার কবিতা নিয়ে। সেই পর্বে মালয়েশিয়ার অন্যতম প্রধান কবি দাতো ড. আহমাদ কামাল আবদুল্লাহ কেমালাকে (বাঁয়ে) দেখা যাচ্ছে অধিবেশনের সভাপতি কায়সার হকের সঙ্গে l ছবি: সাহাদাত পারভেজ
বাংলা একাডেমি আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনের দ্বিতীয় দিনের একটি পর্ব ছিল মালয়েশিয়ার কবিতা নিয়ে। সেই পর্বে মালয়েশিয়ার অন্যতম প্রধান কবি দাতো ড. আহমাদ কামাল আবদুল্লাহ কেমালাকে (বাঁয়ে) দেখা যাচ্ছে অধিবেশনের সভাপতি কায়সার হকের সঙ্গে l ছবি: সাহাদাত পারভেজ

আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন সত্যিকার অর্থে যেন আন্তর্জাতিকতা পেল। বাংলা একাডেমির ষাট বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী এ সম্মেলনের দ্বিতীয় দিন ছিল গতকাল। আগের দিন কথাসাহিত্য থেকে পাঠ বা সেটা নিয়ে আলোচনা যা-ই ছিল, ছিল ইংরেজি কিংবা বাংলায়। মঙ্গলবার কবিতার দিনে এসে বাংলা, ইংরেজির সঙ্গে শুনতে পাওয়া গেল জার্মান, মালে, চায়নিজ, সুইডিশ, ড্যানিশ, হিন্দি ভাষার কবিতাও।
মারিয়া হেলেন বেরেরার জন্ম ইকুয়েডরে, থাকেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তিনি কাজ করছেন নজরুল সাহিত্যের ওপর, এ নিয়ে একটি ইংরেজি বইও বের হয়েছে তাঁর এ বছর। জার্মানির হেন্স হারডার কাজ করছেন দক্ষিণ এশীয় সাহিত্য নিয়ে। চর্যাপদ থেকে শুরু করে আধুনিক সাহিত্যে ‘নগর’ ভাবনাটি কতভাবে এসেছে, সেটি ব্যাখ্যা করলেন মঞ্চে। চীনা ভাষার সঙ্গে মার্কিন লেখক জামি শুয়ের পরিচয় ঘটে বিবাহসূত্রে। এখন চীনা ও ইংরেজি দুই ভাষাতেই কবিতা লিখছেন। আর সুইজারল্যান্ডের কবি টবিয়াস বায়ানকোনে পড়ে শোনালেন জার্মান ভাষায় নিজের লেখা কবিতা।
সকালের অধিবেশনে কবি মুহম্মদ নূরুল হুদা সমসাময়িক কবিতা প্রসঙ্গে প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, নদীমাতৃক ও কৃষিপ্রধান বাংলাদেশে কবিতার চর্চা বহুদিনের। সবচেয়ে প্রাচীন বাংলা নিদর্শন চর্যাপদও কাব্যে রচিত। মাইকেল, রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, জসীম হয়ে সাম্প্রতিক কালে এসে গত শতাব্দীর দশকগুলোতে বিভিন্ন ধারা দেখা গেছে কবিতার মধ্যে। চল্লিশের দশকের কবিরা নিজেদের শিকড় সন্ধান করেছেন। পঞ্চাশ-ষাটের দশকে কবিরা জাতীয়তাবাদী আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও উত্তরাধুনিক ধারায় কবিতা লিখেছেন। সত্তরের দশকে সদ্য স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক পর্বগুলো কবিতায় প্রভাব রেখেছে। আর আশি থেকে বর্তমান সময়ের কবিতা নতুনত্বের সন্ধান করছে। এই অধিবেশনে তিনটি করে স্বরচিত কবিতা পাঠ করেন সৈয়দ শামসুল হক, রফিক আজাদ ও হাবীবুল্লাহ্ সিরাজী।
অধিবেশনে সভাপতিত্ব করছিলেন কবি আসাদ চৌধুরী। চা-বিরতিতে কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ১৯৭৪ সালে বাংলা একাডেমিতে সাত দিনব্যাপী সাহিত্য সম্মেলন হয়েছিল। এবারের আয়োজনে সেবারের চেয়েও বেশি সাহিত্যিক এসেছেন। ভালো লাগছে এটা দেখে যে, এবার এশিয়ার অনেক সাহিত্যিক এসেছেন। কবি রফিক আজাদও সায় দিলেন তাঁর কথায়।
মধ্যাহ্নভোজন পর্ব শেষে মালয়েশিয়ার কবিতা নিয়ে আলোচনা শুরু হয়। প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার অন্যতম প্রধান কবি দাতো ড. আহমাদ কামাল আবদুল্লাহ্ কেমালা। তাঁর প্রবন্ধটির শিরোনাম ছিল ‘মালয়েশিয়ান অ্যান্ড ল্যাটিন আমেরিকান পোয়েট্রি: অ্যান এনকাউন্টার’। এ পর্বে সভাপতিত্ব করেন কায়সার হক। মালয়েশিয়ার কবি রাজা রাজেশ্রী সীতা রমন, ফজিলা হুসেইন, লিলি সিতি মুলতাতুলিয়ানা, উমর উযায়ের নিজেদের কবিতা পাঠ করেন। কবি মুহম্মদ সামাদের সঞ্চালনায় পরবর্তী অধিবেশনে কবিতাপাঠ ও কবিতা সম্বন্ধে সংক্ষিপ্ত আলোচনা করেন ডেনমার্ক, সুইডেন, যুক্তরাষ্ট্র ও ভারতের কবিরা। কবিতা পড়েন আশিস সান্যাল, মৃণাল বসু, সুবোধ সরকার, বীথি চট্টোপাধ্যায়, পিটার নেইবার্গ, সিন্ডি লিন ব্রাউনরা। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। শেষ অধিবেশনে ছিল বাংলাদেশের প্রায় ৩০ জন কবির স্বরচিত কবিতাপাঠ। এ পর্ব সঞ্চালনা করেন কবি হাবীবুল্লাহ্ সিরাজী। সভাপতিত্ব করেন কবি সৈয়দ শামসুল হক।
আজ সম্মেলনের সমাপনী দিন। সমসাময়িক নাট্যসাহিত্য নিয়ে দিনমান আয়োজন থাকছে আজ। সকালে নাট্যজন আতাউর রহমানের সভাপতিত্বে এ সময়ের নাটক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন রামেন্দু মজুমদার। নাটক নিয়ে এরপর আলোচনা করবেন বাংলাদেশ, ভারত, সুইজারল্যান্ডের নাট্যব্যক্তিত্বরা। বিকেলের অধিবেশনে বাংলাদেশের সেরা মঞ্চনাটকগুলো নিয়ে প্রবন্ধ উপস্থাপন থাকবে মফিদুল হকের।