কবিতা নৃত্য বাদ্যযন্ত্রের যুগলবন্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুষ্ঠানের বিষয় নতুন কিছু নয়। আবৃত্তি, নৃত্য এবং বাদ্যযন্ত্র। কিন্তু গতকাল শুক্রবার ছায়ানট সংস্কৃতি-ভবনের মূল মিলনায়তনে ‘ত্রয়ী’ শিরোনামের আয়োজনটিকে ব্যতিক্রমই বলতেই হবে। ব্যতিক্রমী এই আয়োজনে ছিল মাহবুবুর রহমান চৌধুরী ও ফকরুল ইসলামের আবৃত্তি। তাঁদের আবৃত্তির সঙ্গে নৃত্যের মাধ্যমে কবিতার ভাবার্থকে মূর্ত করেছেন মুনমুন আহমেদ। মেঘমেদুর সন্ধ্যায় মিলনায়তনভর্তি দর্শক দারুণভাবে উপভোগ করেছে অনুষ্ঠানটি।

সন্ধ্যায় তিনটি শিল্পমাধ্যমকে সমান গুরুত্বের সঙ্গে দর্শকের সামনে উপস্থাপন করেন শিল্পীত্রয়। অনুষ্ঠানে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘অন্তর মম’, ‘মনে পড়ে’, কাজী নজরুল ইসলামের ‘বাংলাদেশ’, সুকান্ত ভট্টাচার্যের ‘বোধন’, আহসান হাবীবের ‘আমি কোন আগন্তুক নই’, আবু জাফর ওবায়দুল্লাহর ‘আমি কিংবদন্তীর কথা বলছি’, আবু হেনা মোস্তফা কামালের ‘কিছুই নিজস্ব নয়’, জয় গোস্বামীর ‘কে জন্মায় হে বৈশাখ’, নির্মলেন্দু গুণের ‘তোমার বন্ধন’, রফিক আজাদের ‘প্রতীক্ষা’সহ বেশ কিছু কবিতা। কবিতা ও নৃত্যের সঙ্গে ছিল সেতার, বাঁশি, বেহালা ও তবলার অনুষঙ্গ।

অনুষ্ঠানের শুরুতে মাহবুবুর রহমান চৌধুরীর একক আবৃত্তির সিডির মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

 শিল্পকলায় নজরুল স্মরণ

গতকাল সন্ধ্যায় শিল্পকলার জাতীয় নাট্যশালায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করা হলো গানে গানে। আর শুধু সুরের অবগাহনে নয়, তাঁকে নিবেদন করে পরিবেশিত হলো কবিতা, নৃত্য ও নাটক। কথামালায়ও ছিল কবিবন্দনা। ‘কার বাঁশি বাজে’ শিরোনামে কবির জন্মদিন উদ্যাপনের এই অনুষ্ঠানের আয়োজক নজরুলসংগীতশিল্পী পরিষদ। প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী সোহরাব হোসেনের স্মৃতির উদ্দেশে উত্সর্গ করা হয়েছে উত্সব। উদ্বোধনী আয়োজনে নজরুলসংগীতশিল্পী পরিষদ পদক দেওয়া হয়।

সংক্ষিপ্ত আলোচনা ও পদক প্রদান শেষে শুরু হয় দ্বিতীয় পর্বের সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই সমবেত কণ্ঠে নজরুলের সুর ছড়িয়ে দেন পরিষদের শিল্পীরা। এরপর একে একে একক ও দলীয় সংগীত চলে পালাক্রমে। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করেছে বাংলালিংক।

 কলকাতায় রাবেয়া খাতুনের‘ছোটদের ছোট গল্প’

কলকাতা প্রতিনিধি জানান, বাংলাদেশের কথাশিল্পী রাবেয়া খাতুনের নতুন গ্রন্থ ছোটদের ছোট গল্প-এর মোড়ক উন্মোচিত হয়েছে গতকাল শুক্রবার সন্ধ্যায় কলকাতার অবনীন্দ্র সভাঘরে। কলকাতায় রাবেয়া খাতুনের এই প্রথম গ্রন্থ প্রকাশ। নতুন এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলকাতার রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার। সম্মানিত অতিথি ছিলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম, সাহিত্যিক জাহিরুল হাসান, তপন বন্দ্যোপাধ্যায়, কিন্নর রায়, শচীন দাস, ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বাংলাদেশের বিশিষ্ট রন্ধনবিদ কেকা ফেরদৌসী প্রমুখ। বইটি প্রকাশ করেছে কলকাতার প্রকাশনা সংস্থা ‘পাঠক’।

নিউইয়র্কে‘বাংলাদেশের ফুল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী

সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের এস্টোরিয়ায় মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত আন্তর্জাতিক বাংলা উত্সব ও বইমেলা উপলক্ষে মোকারম হোসেনের ‘বাংলাদেশের ফুল’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে বাংলাদেশের একেবারে নিজস্ব ও মনোমুগ্ধকর ২৫টি ফুলের আলোকচিত্র স্থান পায়। প্রদর্শনী উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এ কে এম আবদুল মোমেন, কবি নির্মলেন্দু গুণ, কবি ও কথাসাহিত্যিক আনিসুল হক। তিন দিনের এই আলোকচিত্র প্রদর্শনী হয়েছে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত।