কবিতা পরিষদের সুনীল স্মরণ
শহীদ মিনারে টাঙানো ব্যানারে মোটা ফ্রেমের চশমা চোখে সুনীলের ছবি নীরবে হাসছে। সুনীল গঙ্গোপাধ্যায় এখন শুধুই ছবি! তাঁকে নিয়ে স্মরণসভার আয়োজন করেছিল কবিতার মানুষদের সংগঠন জাতীয় কবিতা পরিষদ। স্মরণ, কিন্তু শোকসভা নয়। এদিন তাঁকে নিয়ে কেউ শোনালেন কবিতা, কেউ বা গান। বন্ধু, অনুরাগী, অনুজদের স্মৃতিচারণায় সুনীল এলেন বারবার।‘যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুলি ছোঁয়াব/ আমি বিষ পান করে মরে যাব/ বিষণ্ন আলোয় এই বাংলাদেশ এ আমারই সাড়ে তিন হাত ভূমি’—আহকামউল্লাহর আবৃত্তিতে সুনীলের সঙ্গে বাংলাদেশকেও পেল শ্রোতা-দর্শক। রেজিনা ওয়ালী শোনালেন ‘কবির মৃত্যু’। ফকির আলমগীর গাইলেন সুনীলকে নিয়ে করা নতুন একটি গান, ‘সুনীল আছে বাংলা ভাষার বিশাল আকাশজুড়ে’। তবে অনুষ্ঠানের মূল অংশজুড়ে ছিল আলোচনা। বক্তারা বললেন, গ্রামীণ ও নগরজীবনের ছোট-বড় নানা সমস্যা তিনি তাঁর গল্পে-উপন্যাসে-কবিতায় যে রকম সুস্পষ্ট করে ফুটিয়ে তুলেছেন, সে রকমটি তাঁর সময়ে অন্য কেউ পারেনি। তিনি সমাজ, রাজনীতি ও সংস্কৃতিসচেতন ছিলেন। তাই তাঁর সৃষ্টিকর্মে প্রেমের পাশাপাশি সামাজিক সমস্যা চমৎকারভাবে ফুটে ওঠে। বাংলাদেশের অকৃত্রিম স্বজন তিনি। এই বন্ধুর মৃত্যুতে দুই বাংলায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ হওয়ার নয়। স্মরণসভায় কবি সৈয়দ শামসুল হক বলেন, সুনীলের কণ্ঠে মানবতার, শান্তির ও সম্প্রীতির সুর উচ্চারিত হয়েছে। তরুণ কবিদের জন্য তিনি ছিলেন কলকাতায় সবচেয়ে বড় আশ্রয়। তিনি নতুনদের জন্যও সুযোগ তৈরি করতেন। নাট্যজন রামেন্দু মজুমদার বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে এবং যুদ্ধ-পরবর্তী সময়ে সুনীল নানাভাবে বাংলাদেশকে সহযোগিতা-সমর্থন দিয়েছেন। বর্তমান সময়েও বাংলাদেশ-ভারতের নানা বিষয়ে সুনীল বাংলাদেশের পক্ষে কথা বলেছিলেন। মহাদেব সাহা বলেন, কবিতাকে মানুষের মুখের ভাষার কাছাকাছি নিতে সুনীল গঙ্গোপাধ্যায় নিরন্তর চেষ্টা করেছেন। সময়ের সমস্যা তুলে ধরেছেন লেখনীতে।কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসলাম সানীর পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি নূহ-উল-আলম লেনিন, মুহাম্মদ সামাদ, কাজী রোজী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক হাসান আরিফ।