ভারতের পশ্চিমবঙ্গের কবি রণজিৎ দাশকে ঘিরে ঢাকায় একটি আড্ডা বসেছিল। গতকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে ছিল কবিতাপাঠ ও আড্ডা—‘সীমানাহীন কবিতার স্বতন্ত্র অপরাহ্ণ’। কবিতা পড়েন রণজিৎ দাশ, ফরিদ কবির, ফারুক ওয়াসিফ, কুমার চক্রবর্তী, শামীম রেজা, চৈতী আহমেদ, নওশাদ জামিল, হিজল যোবায়ের, রুদ্র হক প্রমুখ। আড্ডার সঞ্চালনা করেন কবি মাসুদুজ্জামান।
কবিতাপাঠের আগে রণজিৎ দাশ বলেন, ‘ঢাকায় এলে আবেগে আক্রান্ত হয়ে যাই। মঞ্চে উঠলে সেই আবেগ আরও বেড়ে যায়। আমার পূর্বপুরুষেরা ছিলেন এই বাংলার। অথচ আমি হয়ে গেলাম কলকাতার কবি। আমি আসলে ঢাকারই কবি। কলকাতায় গিয়ে নাম করেছি। আমার কবিতায় বাংলাদেশের সংস্কৃতির ছাপ আছে।’ পাঠপর্বের পরে কবিতা নিয়ে উপস্থিত অতিথি ও তরুণ কবিদের নানা প্রশ্নের উত্তর দেন তিনি। রণজিৎ দাশকে পাঠ ও তাঁর সঙ্গে ব্যক্তিগত স্মৃতি রোমন্থন করে আড্ডা শুরু করেন কবি সাজ্জাদ শরিফ। বক্তব্য দেন কবি তুষার দাশ, পশ্চিমবঙ্গের ছোটকাগজ ঐহিক-এর সম্পাদক তমাল রায়। এ আড্ডার আয়োজন করেছিল বাংলাদেশের সীমানাহীন কবিতালোক ও ঐহিক।