কবিতা বাতিঘরের কাজ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গতকাল সকালে শুরু হয় দুই দিনের জাতীয় কবিতা উৎ​সব l ছবি: সাইফুল ইসলাম
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে গতকাল সকালে শুরু হয় দুই দিনের জাতীয় কবিতা উৎ​সব l ছবি: সাইফুল ইসলাম

গতকাল বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণের পাশে হাকিম চত্বরে শুরু হয়েছে দুই দিনের ‘জাতীয় কবিতা উত্সব ২০১৭’। উদ্বোধন করার কথা ছিল কবি বেলাল চৌধুরীর। তিনি অসুস্থ থাকায় উৎসব উদ্বোধন করেন পরিষদের সভাপতি মুহাম্মদ সামাদ ও সাধারণ সম্পাদক তারিক সুজাত। দেশের নবীন-প্রবীণ কবিদের সঙ্গে এবারের উৎসবে যোগ দিয়েছেন বিশ্বের বেশ কয়েকটি দেশের কবি ও লেখকেরা।
সকালে উৎসবস্থল থেকে বের করা হয় একটি শোভাযাত্রা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পাচার্য জয়নুল আবেদিন ও পটুয়া কামরুল হাসানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। উত্সবের ঘোষণাপত্র পাঠ করেন কবি আসাদ চৌধুরী। তিনি বলেন, ‘কবিতা সব সময় সত্য ও সুন্দরের, স্বপ্ন ও কল্পনার কথা বলে এসেছে। তাই সব ধরনের সংকটে কবিতা বাতিঘরের কাজ করে।’ কবি বেলাল চৌধুরীর লিখিত বক্তব্য পড়েন পরিষদের সাবেক সভাপতি কবি হাবীবুল্লাহ সিরাজী।
উৎসবের উদ্বোধনী দিনে ছিল ছয়টি অধিবেশন। দিনব্যাপী ভিন্ন ভিন্ন পর্বে ছিল কবিতাপাঠ ও আলোচনা। উৎসব সংগীত ছাড়াও অনুষ্ঠানমঞ্চে গীত হয় একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’। জাতীয় কবিতা পরিষদ আয়োজিত ৩১তম এ উত্সব উৎসর্গ করা হয়েছে প্রয়াত তিন কবি সৈয়দ শামসুল হক, শহীদ কাদরী ও রফিক আজাদকে।
আজ বৃহস্পতিবার উৎসবের শেষ দিন বেলা ১১টা থেকে সাতটি অধিবেশনে থাকবে সেমিনার, কবিতা ও ছড়াপাঠ। কবিতার অনুবাদ নিয়ে সেমিনারে সভাপতিত্ব করবেন ভাষাসংগ্রামী আহমদ রফিক। মূল প্রবন্ধ পড়বেন মুহম্মদ নূরুল হুদা। বিকেল সাড়ে ৫টায় দেওয়া হবে ২০১৬ সালের জাতীয় কবিতা পরিষদ পুরস্কার। এ বছর সম্মাননা পাচ্ছেন কবি বেলাল চৌধুরী ও জাতীয় কবিতা পরিষদ পুরস্কার পাচ্ছেন কবি সাযযাদ কাদির।