ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের সামনের উন্মুক্ত প্রাঙ্গণে গতকাল বুধবার সন্ধ্যা হয়ে উঠেছিল কাব্যময়। মঞ্চে আবৃত্তি, সমবেতজনদের আলোচনায় একুশের প্রসঙ্গ। স্মৃতিতে ছিলেন আরও দুজন। বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে টিএসসির উন্মুক্ত প্রাঙ্গণে ‘ফাঁসির দাবি নিয়ে এসেছি’ শিরোনামে মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তির মঞ্চের গতকাল ছিল দ্বিতীয় দিন। এদিন এই মঞ্চে প্রয়াত সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফয়েজ আহ্মদ এবং শিল্পী গোলাম মুস্তাফা এবং একুশের প্রথম প্রহর উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।ফয়েজ আহ্মদের স্মৃতিচারণা করেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এবং গোলাম মুস্তাফার স্মৃতিচারণা করেন তাঁর কন্যা সুবর্ণা মুস্তাফা। অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ, আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ প্রমুখ। একক আবৃত্তি পরিবেশন করেন আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কাজী আরিফ, লায়লা আফরোজ ও হাসান আরিফ। এ ছাড়া দলীয় আবৃত্তি পরিবেশন করে আবৃত্তি সংগঠন স্বরশ্রুতি, কণ্ঠশীলন, কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, মুক্তধারা সংস্কৃতি চর্চা কেন্দ্র, চারুবাক, স্বনন, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, স্রোত আবৃত্তি সংসদ, সংবৃতা আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র, প্রকাশ সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন, স্বরকল্পন আবৃত্তি চক্র, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, স্বরবৃত্ত, স্বরচিত্র, মুক্তবাক ও ঢাকা স্বরকল্পন।যুদ্ধাপরাধীদের বিচার, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ এবং শাহবাগে চলমান আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এ মঞ্চে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত মুক্তিযুদ্ধের কবিতার একক ও দলীয় আবৃত্তি, গণসংগীত এবং চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন।চিত্রকে আলোকচিত্র প্রদর্শনীবাংলাদেশে স্থপতি ইনস্টিটিউট আয়োজিত কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের আন্তর্জাতিক সম্মেলন উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় ধানমন্ডির গ্যালারি চিত্রকে শুরু হয়েছে আলোকচিত্র প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট ও কমনওয়েলথ অ্যাসোসিয়েশন অব আর্কিটেক্টসের সভাপতি স্থপতি মোবাশ্বের হোসেন, এ এস এম ইসমাইল, ইশতিয়াক জহির প্রমুখ।বাংলাদেশের স্থাপত্য নিয়ে প্রদর্শনীতে স্থপতি ও স্থাপত্য বিভাগের শিক্ষার্থীদের ৫৪টি ছবি স্থান পেয়েছে। স্থপতিদের তোলা এসব ছবির প্রদর্শনী চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।