কবিতায়-আড্ডায় তাঁদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কণ্ঠশীলনের অন্যতম প্রতিষ্ঠাতা, বাংলাদেশের সংস্কৃতি আন্দোলনের পুরোধা ওয়াহিদুল হক ও প্রয়াত সভাপতি শিল্পী কাইয়ুম চৌধুরীর জন্মদিন ছিল এ মাসেই। শ্রদ্ধেয় এই দুই অগ্রজকে আজ শুক্রবার স্মরণ করবে সংগঠনটি। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ স্মরণ অনুষ্ঠান ‘বন্ধু রহো রহো সাথে’।
আজ বিকেল চারটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে দুই কীর্তিমানকে নিয়ে একটি বিশেষ কথোপকথনের আয়োজন করা হয়েছে। তাতে তাঁদের জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণা করবেন সন্জীদা খাতুন, অধ্যাপক আনিসুজ্জামান, মুস্তাফা মনোয়ার ও রামেন্দু মজুমদার।
সূচনা সংগীত গাইবেন ইফফাত আরা দেওয়ান, থাকবে নালন্দা ও চট্টগ্রামের ফুলকির শিশুদের পরিবেশনা, কথা, স্বনন (রাজশাহী) ও বাংলাদেশ ব্রতচারীর পরিবেশনা। এ ছাড়া থাকবে খ্যাতিমান আবৃত্তিশিল্পী আর কণ্ঠশীলনের প্রযোজনা। শিল্পী মুস্তাফা মনোয়ারের পরিচালনায় শিশুদের জন্য থাকবে চিত্রাঙ্কন উৎসব।