কবিতায় একুশে স্মরণ
রোববার সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরের আঙিনায় সন্ধ্যা নেমেছিল কবিতায়। আগত নারী-পুরুষ সবার পরিধানে ছিল সাদা-কালো রঙের পোশাক। পঠিত কবিতা, গল্প আর আলোচনা সবই ছিল একুশকে ঘিরে। স্মরিত হন আরও একজন। তিনি অভিনয় ও কবিতা অঙ্গনের খ্যাতিমান ব্যক্তিত্ব প্রয়াত গোলাম মুস্তাফা। একুশ ও গোলাম মুস্তাফা স্মরণে আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সমন্বয় পরিষদ। অনাড়ম্বর কিন্তু শ্রদ্ধা ও গভীর ভালোবাসায় পূর্ণ ছিল অনুষ্ঠানটি। আসাদুজ্জামান নূরের সভাপতিত্বে গোলাম মুস্তাফাকে নিয়ে স্মৃতিচারণ করেন সৈয়দ হাসান ইমাম ও সুবর্ণা মুস্তাফা। পরে একক আবৃত্তি পরিবেশন করেন আশরাফুল আলম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, হাসান আরিফ ও লায়লা আফরোজ। দলীয় আবৃত্তি পরিবেশন করে কণ্ঠশীলন, স্বরশ্রুতি ,কথা আবৃত্তি চর্চা কেন্দ্র, চারুকণ্ঠ আবৃত্তি সংসদ, মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, স্বরকল্পন আবৃত্তিচক্র, সংবৃতা, ঢাকা স্বরকল্পন ও মুক্তবাক।রবীন্দ্রসরোবরে একুশের অনুষ্ঠানসাদা আল্পনা আঁকা কালো ও লাল কাপড়ে সাজানো হয়েছে মঞ্চ। বাজছে দেশ ও ভাষার গান। আয়োজক, শিল্পী, সমবেত দর্শক-শ্রোতার পোশাক-আশাকে সাদা ও কালোর প্রাধান্য। সব মিলিয়ে পুরো প্রাঙ্গণে ভাষার মাসের আবহ। এ চিত্র গতকাল বিকেলের রবীন্দ্র সরোবরের। উপলক্ষ সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত ‘একুশের অনুষ্ঠানমালা’।অনুষ্ঠান শুরুর আগে প্রয়াত রবীন্দ্রসংগীত শিল্পী ও গবেষক অপলা ফরহাদ নভেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ পর্বে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক এবং জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। ‘আমার এমন মধুর বাঙলা ভাষা/ ভায়ের বোনের আদর মাখা/ মায়ের বুকের ভালবাসা...’ রফিক আজাদের এই কবিতা উচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এটি ছিল মিথস্ক্রিয়া আবৃত্তি পরিসরের বৃন্দ আবৃত্তি প্রযোজনা ‘এমন মধুর বাঙলা ভাষা’র অংশ। এর গ্রন্থনা ও নির্দেশনা দেন ফয়জুল্লাহ্ সাইদ। ‘একুশ আমার দীপ্ত শপথ চেতনা’ গানটি পরিবেশন করে ‘ক্রান্তি শিল্পী গোষ্ঠী’, সাংস্কৃতিক সংগঠন ‘পঞ্চভাস্কর’ পরিবেশন করে একুশের গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’। ঋষিজ শিল্পীগোষ্ঠী শোনায় ‘এই সমাধি তলে কত প্রাণপ্রদীপ জ্বলে’। একক সংগীত পরিবেশন করেন সমর বড়ুয়া, লাইলী ইসলাম, সফিউল আলম। একুশের প্রথম কবিতা মাহবুব উল আলমের ‘কাঁদতে আসিনি ফাঁসির দাবী নিয়ে এসেছি’ আবৃত্তি করেন রফিকুল ইসলাম। ছিল তিনটি পথনাটকও। ঢাকা থিয়েটার পরিবেশন করে রুবায়াৎ আহমেদ রচিত জিয়ন্তকাল। এর নির্দেশনা দেন ওয়াসিম আহমেদ ও সামিউন জাহান। মৈত্রী থিয়েটার পরিবেশন করে রাসেল নোমান রচিত এবং মেরাজ আহমেদ ও বনি চৌধুরী নির্দেশিত নাটক মাটি। ম আ সালাম রচিত এবং কাজী আনিস নির্দেশিত জোড়াতালি পরিবেশন করে দৃষ্টিপাত।আমরা কি ভুলি নাই‘নানান দেশের নানান ভাষা বিনে স্বদেশীয় ভাষা’ শারমিন সাথী ইসলামের এই গানটি পরিবেশনার মধ্য দিয়ে গতকাল সন্ধ্যায় রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে শুরু হয় ‘জিয়নকাঠি’র দলীয় প্রযোজনা ‘আমরা কি ভুলি নাই’। নিধুবাবুর টপ্পা, রবীন্দ্রনাথের গান, শামসুর রাহমান, কাজল বন্দ্যোপাধ্যায়, মাযহারুল ইসলাম ও ওমর আলীর কবিতাংশ, মদনমোহন তর্কালঙ্কারের ছড়া এবং হায়াৎ মামুদের গদ্যাংশের সমন্বয়ে এর গ্রন্থনা ও নির্দেশনা দেন বিপ্লব বালা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও রুশ লেখক ফিওদর দস্তয়ভস্কির ১৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে যৌথভাবে জিয়নকাঠি এবং রুশ বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্র এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে অংশ নেন মেহেদী হাসান, এজাজ উদ্দিন আহমেদ, সাইদা জামাল উদ্দিন ও মনোয়ারা বেগম। মূলত ভাষার সমস্যা ও সংকট তুলে ধরা হয় ‘আমরা কি ভুলি নাই’-এ। প্রযোজনা শেষে এ বিষয়ে মুক্ত আলোচনা হয়। এতে ভাষাসংগ্রামী আহমেদ রফিক, উপস্থিত দর্শক-শ্রোতা ও আয়োজকেরা অংশ নেন।প্রেসক্লাবে একুশের অনুষ্ঠানঅমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় প্রেসক্লাব। গতকাল রোববার বিকেলে ক্লাব চত্বরে এ অনুষ্ঠান শুরু হয়। কবিতা পাঠে অংশ নেন জাতীয় প্রেসক্লাবের সদস্য কে জি মুস্তাফা, মাশুক চৌধুরী, আবদুল হাই শিকদার প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় ক্লাবের সদস্যদের সন্তানদের সমবেত কণ্ঠে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গান দিয়ে। এরপর বুলবুল ললিতকলা একাডেমি, শহীদ আলতাফ মাহমুদ সংগীত নিকেতন, নিবেদিতা সংগীত নিকেতন, হিন্দোল, নজরুল একাডেমী, কানাইলাল শীল শিল্পীগোষ্ঠী, অগ্নিবীণা, সংসদ শিল্পীগোষ্ঠী, ওস্তাদ ফজলুল হক সংগীত একাডেমি, বাংলাদেশ লোকসংগীত পরিষদসহ বিভিন্ন সংগঠন সংগীত পরিবেশন করে। এর আগে একুশের গৌরবগাথা ও শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ। জাদুঘরে স্বরচিত কবিতা পাঠশহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে উপলক্ষ করে বাংলাদেশ জাতীয় জাদুঘর চার দিনের কর্মসূচি শুরু করেছে। এর ধারাবাহিকতায় গতকাল ছিল স্বরচিত কবিতা পাঠ। অনুষ্ঠানে কবিতা পড়েন মহাদেব সাহা, আসাদ চৌধুরী, হাবিবুল্লাহ সিরাজী, কাজী রোজী, নাসির আহমেদ প্রমুখ। এর পরে ছিল একুশের কবিতা আবৃত্তি। আবৃত্তি করেন কাজী আবু জাফর সিদ্দিকী, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, কেয়া চৌধুরী প্রমুখ। একুশের স্মরণে কলকাতায় ছবি আঁকলেন দুই বাংলার শিল্পীরা কলকাতা প্রতিনিধি জানান, মহান ভাষা আন্দোলনের স্মরণে গতকাল রোববার কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনের উদ্যোগে আয়োজিত এক আর্টক্যাম্পে যোগ দিয়েছিলেন বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিশিষ্ট চিত্রকরেরা। উপ-হাইকমিশন চত্বরে সকাল ১০টায় এই আর্টক্যাম্পের উদ্বোধন করা হয়। দুই দিনব্যাপী এই আর্টক্যাম্পে আজ সোমবার শহীদ দিবসেও শিল্পীরা ছবি আঁকবেন। বাংলাদেশের যেসব শিল্পী এই আর্টক্যাম্পে যোগ দিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন মুর্তজা বশীর, কালিদাস কর্মকার, হাশেম খান, মাহমুদুল হক, ফরিদা জামান, কনকচাঁপা চাকমা, রোকেয়া সুলতানা, মুহাম্মদ ইকবাল প্রমুখ। কলকাতার শিল্পীদের মধ্যে ছিলেন সুনীল দাস, বিজন চৌধুরী, সমীর আইচ, রবীন মণ্ডল, লালু প্রসাদ সাউ, দিপালী ভট্টাচার্য প্রমুখ।