আয়োজনটি দুর্নীতির বিরুদ্ধে কবিতা পাঠের হলেও তা শুধু কবিতাতেই সীমাবদ্ধ ছিল না। কবিতা পাঠ হয়েছে, সঙ্গে ছিল আলোচনা। বক্তারা রবীন্দ্রসরোবর থেকে শাহবাগের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের ফাঁসির দাবি করেছেন। আয়োজক প্রতিষ্ঠান টিআইবির মূল ভাবনা নিয়ে তৈরি গানের সঙ্গে চমৎকার কোরিওগ্রাফিও ছিল অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। ‘কবিতায় প্রতিধ্বনিত হোক সুশাসনের অঙ্গীকার’ স্লোগান নিয়ে অনুষ্ঠিত হলো দুর্নীতির বিরুদ্ধে কবিতা আবৃত্তি। গতকাল সোমবার ধানমন্ডির রবীন্দ্রসরোবরের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবিতায় উচ্চারিত হলো মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে শাহবাগের চলমান গণজাগরণের গৌরবগাথার কথা। ভাষাশহীদদের স্মরণে এই কবিতা পাঠের আসরের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। অনুষ্ঠানে কবিতা আবৃত্তির ফাঁকে ফাঁকে ছিল কথামালা। সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন কবি কাজী রোজী। স্বাগত বক্তব্য দেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। টিআইবির ‘ইয়েস’ সদস্যদের আবৃত্তি পরিবেশনা দিয়ে শুরু কবিতাপাঠ পর্ব। পরে আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায় শোনান মাহবুব উল আলম চৌধুরীর বিখ্যাত কবিতা ‘কাঁদতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি’। এই কবিতার আসরে ‘একুশের উচ্চারণ’ শীর্ষক বৃন্দ আবৃত্তি প্রযোজনা উপস্থাপন করেন হরবোলার শিল্পীরা। এ ছাড়া বৃন্দ আবৃত্তি উপস্থাপন করেন বাক-শিল্পাঙ্গনের আবৃত্তিশিল্পীরা।