কবিতায় বঙ্গবন্ধু আর স্বদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোধনের সমাবর্তন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিল্পীরা l ছবি: সংগৃহীত
বোধনের সমাবর্তন অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে শিল্পীরা l ছবি: সংগৃহীত

মঞ্চে একঝাঁক নবীন আবৃত্তিশিল্পী। তাঁদের কবিতায় বঙ্গবন্ধু আর স্বদেশের স্তুতি। আবৃত্তিমুখর এক সন্ধ্যা। গতকাল রোববার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে বসে এই কবিতার আসর। বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের ৪৭তম আবর্তনের সমাবর্তন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে দর্শকদের একক কবিতার ছন্দে মাতিয়ে রাখেন বোধনের ২৬ নবীন শিক্ষার্থী।

কবিতার আসরের শুরুতে বসে কথামালার আয়োজন। এ পর্বে সম্মানিত অতিথি ছিলেন কবি মানজুর মোহাম্মদ, সাংবাদিক নিরুপম দাশগুপ্ত এবং মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলের অধ্যক্ষ সাহেদুল কবির চৌধুরী। বোধনের অর্থ সম্পাদক শিমুল নন্দীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক প্রণব চৌধুরী।  কথামালা পর্ব শেষে সমাবর্তনে অংশ নেওয়া ৫০ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দেন অতিথিরা।

আয়োজনের দ্বিতীয় পর্বে মঞ্চে আবৃত্তি পরিবেশন করেন বোধনের নবীন কুশীলবরা। নবীন আবৃত্তিশিল্পীদের কবিতায় উঠে আসে স্বদেশের প্রকৃতি, মানুষ আর জীবনের উৎসব। এ পর্বে ছিল ‘জাগো হে তরুণ’ শিরোনামে বৃন্দ আবৃত্তির পরিবেশনা। গ্রন্থনায় ছিলেন হোসনে আরা তারিন ও নির্দেশনা দিয়েছেন শ্রেয়সী স্রোতস্বিনী। আর তৃতীয় পর্বের আয়োজনে নবীন আবৃত্তিশিল্পীর কবিতায় উচ্চারিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছিল রীমা দাশ ও ইতু সাহা গ্রন্থনা ও নির্দেশনায় ‘বাংলাদেশের মানচিত্র মানে তুমি’ শিরোনামে বৃন্দ পরিবেশনা।