কবির গমগমে কণ্ঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারির ভেতরে ঢুকতেই বোঝা গেল বাইরে ভীষণ গরম। ভেতরের মঞ্চ আর দর্শকসারিতে শীতাতপযন্ত্রের আরাম। উপস্থিত সবাই কবি, নয়তো কবিতাপ্রেমী। মঞ্চ আলো করে আছেন নীল পাঞ্জাবি পরা প্রধান অতিথি কবি বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।
কবিতা পড়ছিলেন কবি আসাদ চৌধুরী। নেপথ্যে পিয়ানোর টুংটাং। সাউন্ডবক্স থেকে শীতল মিলনায়তনের দেয়ালে প্রতিধ্বনি তুলছিল কবির গমগমে কণ্ঠ। সুকণ্ঠী উপস্থাপিকা একে একে ঘোষণা করছিলেন কবিদের নাম। তাঁরা পড়ছিলেন দেশ-কাল নিয়ে তাঁদের ক্ষোভ, প্রেম আর দুঃখের পঙ্ক্তিমালা।
গতকাল বিকেলে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৫ উদ্যাপন উপলক্ষে এই ‘স্বরচিত কবিতা পাঠ’ আসরের আয়োজন করা হয়। যৌথভাবে আয়োজন করে জাতীয় কবিতা পরিষদ ও বাংলাদেশ জাতীয় জাদুঘর। জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন মুহাম্মদ সামাদ।
কবিতা পড়েন রবিউল হুসাইন, রুবী রহমান, হাবীবুল্লাহ সিরাজী, নূহ-উল-আলম-লেনিন, শিহাব সরকার, নাসির আহমেদ, মুনীর সিরাজ, দিলারা হাফিজ, হালিম আজাদ, হারিসুল হক, তারিক সুজাত ও কবি নূরুল হুদা।