কবির চরিত্রে কবি
রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকায় অভিনয় করবেন কবি নির্মলেন্দু গুণ। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে তৈরি হবে নাটকটি। গদ্য কবিতা ‘লিপিকার অস্পষ্ট’ অবলম্বনে তৈরি নাটকটির নাম অস্পষ্ট। নাটকে বনমালি আর পরমার অস্পষ্ট প্রেমের গল্প ফুটে উঠেছে। নাটকটির পরিকল্পনা করেছেন রবিশঙ্কর মৈত্রী। চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সৈয়দ সাবাব আলী আরজু।নির্মলেন্দু গুণ বললেন, ‘এখন তো টিভিতে টক শো থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে প্রায় নিয়মিতই যেতে হয়। নাটকে অভিনয় তাই আলাদা কিছু মনে হয় না। রবীন্দ্রনাথ ঠাকুর বড় মাপের একজন কবি। তাঁর চরিত্রে অভিনয় করতে অবশ্যই ভালো লাগবে।’ রবিশঙ্কর মৈত্রী জানান, এ সপ্তাহেই নাটকটির শুটিং হবে। কবি নির্মলেন্দু গুণ প্রথম টিভি নাটকে অভিনয় করেন ১৯৭১ সালে। ওই বছর ১২ জানুয়ারি বিটিভিতে দেখানো হয়েছিল নাটকটি। নাম আপন দলের মানুষ। বিটিভির নাটকে তাঁকে শেষ দেখা গিয়েছিল ১৯৭৩ সালে। মামুনুর রশীদের লেখা নাটকটির নাম রবিনহুড এই শহরে। এরপর সর্বশেষ তিনি অভিনয় করেন আনিসুল হকের লেখা তোর জন্য প্রিয়তা নাটকে।