কবির সঙ্গে স্মৃতি
>আজ ২৪ মে। ১৯৭২ সালের এই দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে আনা হয়। তখন থেকে মৃত্যুর আগ-পর্যন্ত তিনি ছিলেন ঢাকা শহরের ধানমন্ডির কবি ভবনে। আগামীকাল কবির জন্মদিন। এই দুটি দিনকে স্মরণ করে লিখেছেন নাশিদ কামাল

আমার শুধু মনে আছে মানুষের ভিড়ের কথা। বিমানবন্দর থেকে গাড়িতে করে ফিরছিলাম আমরা। দুটো গাড়ির চারপাশে এত মানুষ ছিল যে, গাড়িদুটো এগোতে পারছিল না। অনুরোধ করে মানুষগুলোকে সরাতে হচ্ছিল। কবিকে নিয়ে আমাদের যেতে হবে ধানমন্ডির কবি-ভবনে।
সেদিন ছিল ১৯৭২ সালের ২৪ মে। কবিকে অভ্যর্থনা জানাতে বাবার হাত ধরে আমিও গিয়েছিলাম বিমানবন্দরে। সেখানে দুটো অভ্যর্থনা কমিটি ছিল। বাবা মোস্তফা কামাল ছিলেন বড়দের কমিটিতে, আর আমি ছোটদের। ছোটরা বলতে কবি কাজী নজরুলের নাতনী মিষ্টি, খিলখিল। মিষ্টি দেখতে অনেকটা প্রমিলা নজরুলের মতো ছিল। ভিড়ের অন্যতম কারণও ছিল সে। তাঁকে এক নজর দেখার আগ্রহ ছিল মানুষের।
আমরা কবি-ভবনে পৌঁছানো মাত্র শ্বশুরকে খাওয়াতে ব্যস্ত হয়ে পড়লেন উমা কাজী। শ্বশুরের জন্য তাঁর এই ব্যস্ততা ছিল দেখার মতো। বসার ঘরে তখন বহু মানুষ। সেখানে হারমোনিয়াম ও তবলা আনা হল। শুরু হল গান। আমাকে রেখে বাবা চলে গেলেন। তিনি তখন ব্যস্ত ব্যারিস্টার। সেখানে ছিলেন শবনম মুশতারি, পারভিন মুশতারি, কবির সঙ্গে এসেছিলেন অঞ্জলি মুখার্জি। গান করছিলেন ফিরোজা বেগম। ফুল হাতে কবিকে দেখতে এসেছিলেন অনেকে। গলায় সেগুলো পরিয়ে দিতে গেলে বিরক্ত হচ্ছিলেন তিনি। গলা সরিয়ে নিচ্ছিলেন। গান শুনতে শুনতে কিছু ফুল নিয়ে কুটিকুটি করলেন কবি। গানের যে অংশটুকু ভালো লাগছিল সেসময় শিল্পীর মাথার ওপর সেই কুটিকুটি করা ফুলগুলো ছড়িয়ে দিচ্ছিলেন। গানের কোনো কোনো অংশে তাঁর চোখ ভিজে উঠতে দেখেছি।

আমার বাবা মোস্তফা কামালের নাম রেখেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। তিনি আমাদের পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্যের মতোই। বসার ঘরে দাদুর ছবির পাশে তাঁর অনেক বড় একটা ঝাঁকড়া চুলের ছবি রাখা এখনো। দাদু আব্বাস উদ্দিন আহমেদ কবির গান গেয়ে খ্যাতি পেয়েছিলেন। তিনিও কবিকে ভীষণ ভালোবাসতেন। চাচাকেও বলেছিলেন, তোমরা নজরুলকে ভালোবেসো। আমাদের পরিবারের সবারই কবির প্রতি ভালোবাসা, ভক্তি-শ্রদ্ধার কোনো কমতি ছিল না। কবি দেশে আসার বেশ কয়েক দিন আগে থেকে সব্যসাচী চাচা (কবির ছেলে) বাবার কাছে চিঠি লিখতেন। সেসব চিঠিতে তাঁদের কষ্টের কথা লেখা থাকত। চিঠিগুলো নিয়ে বাবাকে মায়ের সঙ্গে আলাপ করতে শুনেছি। আমি তখন বেশ বড়। হলিক্রস স্কুলে দশম শ্রেণিতে পড়ি। স্বাধীনতার পর আব্বাসী চাচা (মোস্তফা জামান আব্বাসী) কবিকে দেখতে কলকাতায় গিয়েছিলেন। বাবাও গিয়েছিলেন।
কবি কাজী নজরুল ইসলাম খুব একটা গোছানো ছিলেন না। তাঁর জীবনও খুব স্থির ছিল না। যুদ্ধে যেতে হয়েছিল, কারাবরণ করতে হয়েছিল। ফলে তাঁর সাহিত্যকর্মগুলো গোছানো অবস্থায় পাওয়া যায় না। আমরা সবাই মিলে চেষ্টা করলে তাঁর সাহিত্যকর্মগুলোকে সবার মধ্যে ছড়িয়ে দিতে পারব।
লেখক : অধ্যাপক ড. নাশিদ কামাল, নজরুলসংগীত শিল্পী ও নজরুল অনুবাদক