কবির স্মরণে আবৃত্তি, আলোচনা ও গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্রপা মজুমদার ও হাসান আরিফ
ত্রপা মজুমদার ও হাসান আরিফ

আবৃত্তি ও আলোচনায় স্মরণ করা হবে সদ্যপ্রয়াত কবি সৈয়দ শামসুল হককে। আগামীকাল রোববার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ আয়োজন করেছে বেঙ্গল ফাউন্ডেশন।
এ অনুষ্ঠানে সৈয়দ শামসুল হকের কবিতা আবৃত্তি করবেন বাচিক শিল্পী হাসান আরিফ ও ত্রপা মজুমদার। বেঙ্গল ফাউন্ডেশনের সংগীত বিভাগের ঊর্ধ্বতন ব্যবস্থাপক জাহিদুল হক জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের একদল শিক্ষার্থীও এ অনুষ্ঠানে সম্মেলক গান করবেন।
ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে এ স্মরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এ ছাড়া বক্তব্য দেবেন নাট্যজন আলী যাকের, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
উল্লেখ্য, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক ছিলেন বেঙ্গল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাকালীন মহাপরিচালক। ফাউন্ডেশনের জন্মলগ্ন থেকেই তিনি এই প্রতিষ্ঠানটির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।