কবির স্মৃতিবিজড়িত স্থানে আজ থেকে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকীর জাতীয় পর্যায়ের কর্মসূচি শুরু হয়েছে গত শুক্রবার থেকে। আজ রোববার কবির জন্মদিনে তাঁর স্মৃতিবিজড়িত স্থানগুলোতে অনুষ্ঠান শুরু হচ্ছে। আমাদের প্রতিনিধিরা বিস্তারিত কর্মসূচি জানিয়েছেন।দক্ষিণডিহিতে লোকমেলা: অভয়নগর (যশোর) প্রতিনিধি জানিয়েছেন, খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামের কবির শ্বশুরবাড়ি রবীন্দ্র কমপ্লেক্সে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জন্মবার্ষিকী উৎসব ও লোকমেলা। খুলনা জেলা প্রশাসন ও রবীন্দ্র জন্মবার্ষিকী উদ্যাপন পর্ষদের উদ্যোগে এ উপলক্ষে এসব কর্মসূচিতে রয়েছে আলোচনা, সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্যালেখ্য ও নাটক। আগামী মঙ্গলবার (১০ মে) এ অনুষ্ঠানমালা শেষ হবে। এ উপলক্ষে রবীন্দ্র কমপ্লেক্স চত্বরে গতকাল শনিবার থেকেই বসেছে লোকমেলা।পিঠাভোগে এবারই প্রথম: রবীন্দ্রনাথ ঠাকুরের পিতৃভূমি খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামে রবীন্দ্রস্মৃতি সংগ্রহশালায় এবারই প্রথম তিন দিনব্যাপী অনুষ্ঠান হচ্ছে রোববার থেকে।শাহজাদপুরে কবির ম্যুরাল: নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ জানিয়েছেন, জেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে শাহজাদপুরের কাচারিবাড়ি চত্ব্বরে কবির সার্ধশততম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে। অনুষ্ঠান চলবে ১০ মে পর্যন্ত। অনুষ্ঠানের মধ্যে রয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, নাটক, নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জাতীয় পর্যায়ের শিল্পী ও ভারতের শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। এ ছাড়া শাহজাদপুর পাইলট উচ্চবিদ্যালয়ে আয়োজন করা হয়েছে তিন দিনব্যাপী রবীন্দ্র মেলার। এ ছাড়া শাহজাদপুর শহরের প্রবেশদ্বার বিসিক বাসস্ট্যান্ডে কবির ম্যুরাল নির্মাণ করা হয়েছে।শিলাইদহে তিন দিনব্যাপী অনুষ্ঠান: কুষ্টিয়া অফিস জানায়, শিলাইদহ কুঠিবাড়ি চত্বরে ৬৫টি সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে সার্ধশততম রবীন্দ্রজয়ন্তী উৎসবে। সংস্কৃতি মন্ত্রণালয় ও কুষ্টিয়া জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত তিন দিনের অনুষ্ঠান শুরু হবে আজ। ‘আকাশভরা সূর্য-তারা, বিশ্বভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান’ শিরোনামে আয়োজিত এ অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত পরিবেশন করবেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, কুষ্টিয়ার শিল্পীরা।টেগর লজ: এ ছাড়া কুষ্টিয়া শহরে পৌরসভার আয়োজনে রবীন্দ্রনাথের আরেক স্মৃতিধন্য স্থান ‘কুষ্টিয়া টেগর লজে’ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল সাড়ে ছটায় জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ কুষ্টিয়া শাখার শিল্পীদের সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে।