
‘একদিন এক বিজ্ঞ কসাই/ ডেকে বললো, ‘এই যে মশাই,/ বলুন দেখি, পাঁঠা কেন হিন্দুরা খায়,/ গরু কেন মুসলিমে?/’ আমি বললাম, ‘সে অনেক কথা,/ ফ্রেশ করে তা লিখতে হবে,/ কর্ণফুলীর এক রীমে।’ কসাই শুনে মুচকি হাসে,/ ‘বেশ বলেছেন খাঁটি,/ আমি কিন্তু একই ছোরায়/ এই দুটোকেই কাটি।’
গতকাল সকাল থেকে ফেসবুকে অনেককেই পোস্ট করতে দেখা গেছে এই কবিতাটি। ‘কসাই’ নামের এই কবিতাটি লিখেছেন কবি নির্মলেন্দু গুণ। অসাম্প্রদায়িক চেতনার এক জ্বলজ্বলে উদাহরণ এই কবিতা। গতকাল ছিল এই কবির ৭১তম জন্মদিন।
এ রকম বহু অসাম্প্রদায়িক, স্বাধীনতা ও মুক্তিকামী ও প্রেমের কবিতা লিখে এক জীবন্ত কিংবদন্তিতে পরিণত হয়েছেন তিনি। তার ‘যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা,/ যুদ্ধ মানে আমার প্রতি তোমার অবহেলা’ তো মানুষের মুখে মুখে ঘোরে বলে শোনা যায়। এমনকি ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতাটি ইতিমধ্যে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবিতার মর্যাদা পেয়েছে।
গতকাল রোববার এই কবির জন্মদিন উপলক্ষে তাঁর জন্মোৎসবের আয়োজন করে বাংলাদেশ ইকোলজি অ্যান্ড অটিজম ফিল্ম ফোরাম ও বাংলাদেশ কবিসভা। কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে বেলা ১১টা, ১টা এবং ৩টায় দেখানো হয় কবির কবিতা নিয়ে নির্মিত চলচ্চিত্র। বিকেলে সেখানে আয়োজন করা হয় একটি শুভেচ্ছাসভার। সেখানে উপস্থিত থেকে কবিকে শুভেচ্ছা জানান অভিনেতা মামুনুর রশীদ, কবি মোহাম্মদ নূরুল হুদা, অধ্যাপক সৌমিত্র শেখর, সাংবাদিক সোহরাব হাসান, সাবেক সংস্কৃতিসচিব রণজিৎ কুমার বিশ্বাস, নূহ-উল-আলম লেনিন, আসলাম সানী, বিমল গুহ, মোহাম্মদ সামাদ, মাহবুব আজীজ, মাসুদ পথিক প্রমুখ।
বাবাকে নিয়ে কন্যা মৃত্তিকা গুণ যখন কথা বলছিলেন, তখনো কবি এসে পৌঁছাননি সভায়। মৃত্তিকা গুণ বলেন, ‘দশ বছর ধরে তিনি আমাকে স্কুলে আনা-নেওয়া করেছেন। কোনো দিনও দেরি করেননি। কবি হিসেবে তিনি আমার প্রিয়। আজ এখনো তাঁর সঙ্গে দেখা হয়নি। অন্য ভক্তদের মতো আমিও তাঁর জন্য অপেক্ষা করছি। রাতে একসঙ্গে খাব।’
নূহ-উল-আলম লেনিন জানান, ‘আমি ভাগ্যবান যে শেখ হাসিনার মতো নির্মলেন্দু গুণকেও সহপাঠী হিসেবে পেয়েছি। বিশ্ববিদ্যালয় জীবনেই তার প্রেমাংশুর রক্ত চাই বইটি হইচই ফেলে দেয়। প্রত্যাশা করি সে আরও দীর্ঘদিন বাঁচুক, দেশ ও জাতিকে আরও অনেক কিছু দিক।’
একটু দেরিতে এসে হাজির হন কবি। একাত্তরটি মোমবাতির প্রথমটি প্রজ্বালন করেন তিনি। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠানস্থল ফুলে ফুলে ছেয়ে যায়। ভক্তদের শুভেচ্ছাসিক্ত কবি বলেন, ‘আসার সময় সামান্য বৃষ্টি হয়েছে। ভেবে ভালো লাগল যে আমার জন্মদিনেও বৃষ্টি হয়।’
সভায় কবিকে নিবেদিত কবিতা পাঠ করা হয়। আবৃত্তি করা হয় কবির লেখা কবিতা। আবৃত্তি করেন লায়লা আফরোজ।
অনেকেই আশঙ্কা করছিলেন, ক্রিকেটপাগল কবি বাংলাদেশ-ভারতের খেলা ফেলে সেখানে যাবেন না। কিন্তু ভক্তদের ভালোবাসা উপেক্ষা করতে পারেননি তিনি। সভায় তিনি জন্মদিন নিয়ে নিজের লেখা একটি কবিতাও পড়ে শোনান।