কবে ফিরবেন অপু?

তারিখ অনুযায়ী চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাসের আজ জন্মদিন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আজ অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। জন্মদিনের শুভেচ্ছার পাশাপাশি সবার একই অনুরোধ, ‘অপু ফিরে আসুক।’ কে জানে এসব পোস্ট অপুর নজরে পড়েছে কি না! বেশ কিছুদিন ধরে লোকচক্ষুর আড়ালে চলে গেছেন রুপালি পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। কী অভিমানে তিনি লুকিয়ে আছেন, সেটা এক রহস্য বটে! সর্বশেষ ‘রাজনীতি’ সিনেমার সেটে দেখা গিয়েছিল এ অভিনেত্রীকে। কিন্তু সেটি শেষ হওয়ার আগেই ‘উধাও’ হয়েছেন তিনি। কদিন আগে এই ছবির পরিচালক বুলবুল বিশ্বাস অপুকে ছাড়াই শেষ করেছেন ‘রাজনীতি’ ছবির শুটিং।
কী এত অভিমান অপু বিশ্বাসের? সংবাদমাধ্যমে পাওয়া গেছে নানান মুখরোচক তথ্য। কিন্তু তাতে শুধু জলই ঘোলা হয়েছে, রহস্য উন্মোচন হয়নি। উধাও অপু থেকে গেছেন আড়ালেই।
অথচ, ২০০৪ সালে যখন প্রথম চলচ্চিত্র ‘কাল সকালে’-তে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান, তখন কি কেউ ভেবেছিলেন হারিয়ে যাবেন এ অভিনেত্রী?
‘কাল সকালে’ ছবিতে প্রধান চরিত্র না পেলেও বছর দু-এক পর ‘কোটি টাকার কাবিন’ ছবিতে প্রধান নায়িকা হিসেবে অভিনয় করেন তিনি। তা-ও আবার ঢালিউডের ‘কিং খান’খ্যাত অভিনেতা শাকিব খানের বিপরীতে। তারপর চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী, দর্শক—সবার কাছে শাকিব-অপুর জুটি হয়ে ওঠে দারুণ জনপ্রিয়। দর্শকের হুল্লোড় আর ব্যবসায়িক সফলতার আরেক নাম হয়ে যান শাকিব-অপু। একে একে উপহার দেন ‘চাচ্চু’, ‘দাদি মা’, ‘মিয়া বাড়ির চাকর’, ‘জন্ম তোমার জন্য’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’সহ অসংখ্য ছবি। সেসব ছবির সংখ্যা ছাড়িয়েছে ৫০-এর ঘর।
অপু-শাকিবের সর্বশেষ রসায়ন দেখা গেছে, ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’ ছবিতে। তাঁদের সঙ্গে ছিলেন কলকাতার ইন্দ্রনীল। দর্শকেরা বরাবরের মতোই গ্রহণ করেছেন এই জুটিকে।
গত ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘বসগিরি’ ছবিতেও অভিনয় করার কথা ছিল এ অভিনেত্রীর। কিন্তু শুটিংয়ের কদিন আগে মুটিয়ে যাওয়ার অজুহাতে নিজেই নিজেকে ছবিটি থেকে সরিয়ে নেন। যেন তিল তিল করে গড়ে তোলা নিজের আসন তুলে দেন নবাগত বুবলির হাতে। কারণ, এই ছবির মাধ্যমেই বুবলির অভিষেক ঘটে শাকিব খানের সঙ্গে।
অপু চলচ্চিত্র অঙ্গনের সবার সঙ্গে একে একে বন্ধ করে দেন সব ধরনের যোগাযোগ। বন্ধ করে দেন নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানও। সবকিছু মিলে ‘উধাও অপু’ উঠে আসেন খবরের শিরোনামে। তবে আজকের দিনে তাঁকে ঘিরে ফেসবুকের পোস্ট আর দর্শকের চাওয়া মিলেমিশে একাকার করলে যে সমীকরণ দাঁড়ায়, তাতে এক কথায় বলা যায়, ‘অপুর ফিরে আসুক।’
অবশ্য কিছুদিন আগে পারিবারিক সূত্রে জানা গেছে, ‘অপু ভালো আছেন। আবারও নাকি ফিরবেন চেনা এ জগতে।’
সত্যিই কি অপু ফিরবেন? দাঁড়াবেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি? মিশে যাবেন দর্শকের উল্লাস আর উন্মাদনার সঙ্গে?
অপু কি জানেন, তাঁর অপেক্ষাতেই আছে তাঁর চেনা ও প্রিয় জায়গা এফডিসি।
কিন্তু কে জানে, সেই চেনা জগতে কবে ফিরবেন বগুড়ায় জন্ম নিয়ে বেড়ে ওঠা এই নায়িকা।