কবে হবে প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন?

চলচ্চিত্রের অন্যান্য সংগঠনের নির্বাচন নিয়মিত অনুষ্ঠিত হলেও পিছিয়ে আছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচন। দুই দফায় প্রায় ছয় বছর ধরে সংগঠন চালিয়েছেন সরকারি প্রশাসক।
দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) অন্তর্ভুক্ত এ সংগঠন। সমিতির ২০০৫-০৭ মেয়াদ শেষ হওয়ার পর মাঝের এক বছর সাত মাস দায়িত্ব পালন করেন প্রশাসক। এরপর দুই মেয়াদের নির্বাচন হয়। কিন্তু ২০১১-১৩ কমিটির মেয়াদ শেষে সমিতির নেতাদের মধ্যে দ্বন্দ্বে আর নির্বাচন হয়নি। এখনো প্রশাসক দিয়ে চলছে এ সমিতি।
দ্বন্দ্বের শুরু হয় প্রযোজক ও পরিবেশক সমিতির গঠনতন্ত্রের ৯ (গ) ধারা নিয়ে। ধারায় আছে, একটানা তিনবার নির্বাচিত প্রার্থীরা এক মেয়াদ বাদ দিয়ে আবার নির্বাচনে অংশ নিতে পারবেন। ২০১৪-১৬ মেয়াদের নির্বাচন আয়োজনের শুরুতেই নির্বাচন বোর্ড এ নিয়ম অনুযায়ী চার প্রার্থীর প্রার্থিতা বাতিল করে দেয়। খোরশেদ আলম খসরু, শামসুল আলম, শরিফুদ্দীন খান দিপু ও মনতাজুর রহমান আকবররা পরপর তিনবার নির্বাচিত হয়েছেন। এই চার প্রযোজক রিট করলে হাইকোর্ট নির্বাচন বোর্ডের সিদ্ধান্তে স্থগিতাদেশ দেন। কিন্তু আরেক প্রার্থী কে এম আর মঞ্জুর ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করলে চেম্বার জজ হাইকোর্টের আদেশ স্থগিত করে বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির মাধ্যমে নিষ্পত্তির আদেশ দেন। পরে কোনো পক্ষই আর বিষয়টির সুরাহা করতে আদালতে যায়নি।
দীর্ঘ সময় পর বাণিজ্য মন্ত্রণালয় এফবিসিসিআইয়ের সহায়তায় নির্বাচনের উদ্যোগ নেয়। চলতি বছরের শুরুতে দুই পক্ষকে বুঝিয়ে প্রযোজক নাসির উদ্দীন দিলুকে আহ্বায়ক করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটি ২০১৬-১৮ মেয়াদের নির্বাচনের দিন ধার্য করেছিল গত ২৮ মে। কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে নাসির উদ্দিন নামের এক প্রযোজক আবার সমিতির গঠনতন্ত্র ৯ (গ) ধারার লঙ্ঘন দেখিয়ে ওই চার প্রযোজকের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। আদালত নির্বাচন স্থগিত করে চার সপ্তাহের মধ্যে প্রযোজকদের রুলের জবাব দিতে বলেন। কিন্তু নির্ধারিত সময়ে প্রযোজকেরা জবাব দেননি।
এ ব্যাপারে খোরশেদ আলম খসরু প্রথম আলোকে বলেন, ‘মাঝে প্রশাসকের দায়িত্ব পালনের সময়টাকে হিসাবে ধরলে আমাদের এক মেয়াদ বিরতি হয়ে যায়। তাহলে তো আমাদের নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই।’ তাঁর অভিযোগ, এবারের মামলাটি হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আবদুল আজিজের ইন্ধনে। তিনি অনুসারী এক প্রযোজককে দিয়ে মামলাটি করিয়েছেন।
জানতে চাইলে, আবদুল আজিজ বলেন, ‘যিনি মামলা করেছেন, তিনি আমার কাছের কেউ নন। আর মামলাটি যুক্তিসংগত। পরপর তিনবার নির্বাচিত লোকজন টানা চতুর্থবার নির্বাচন করতে পারেন না। আমরা চাই, নিয়মের মধ্য দিয়েই নির্বাচন হোক।’
সাধারণ প্রযোজকদের কেউ কেউ বলছেন, যাঁরা নিয়মিত বিনিয়োগ করেন না, তাঁরাই নেতা হতে চাইছেন। প্রযোজক এ জে রানা যেমন বলেন, ‘আমরা চাই এখানে যাঁরা নিয়মিত বিনিয়োগ করেন, তাঁরাই সমিতিটি চালাবেন। এ মুহূর্তে নির্বাচন হওয়াটা জরুরি।’