কমনওয়েলথ গেমসে 'দক্ষিণা সুন্দরী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের কমনওয়েলথ গেমস উপলক্ষে ন্যাশনাল থিয়েটার অব স্কটল্যান্ড আয়োজন করেছে ‘টিন ফরেস্ট থিয়েটার উৎসব’। স্কটল্যান্ডের গ্লাসগোতে আয়োজিত এই উৎসবে এবার বাংলাদেশের নাটক মঞ্চস্থ হবে। নাটকের নাম দক্ষিণা সুন্দরী। মঞ্চস্থ করবে থিয়েট্রেক্স বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের প্রাক্তন কয়েকজন শিক্ষার্থী মিলে গড়ে তুলেছেন নাটকের এই দলটি। কমনওয়েলথভুক্ত ৭১টি দেশের মধ্যে এই উৎসবে নাটক মঞ্চস্থ করবে বাংলাদেশ, ভারত, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, মাল্টা আর জ্যামাইকা। উৎসব অনুষ্ঠিত হবে ২৪ জুলাই থেকে ৩ আগস্ট। দক্ষিণা সুন্দরী নাটকটি মঞ্চস্থ হবে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে।
দক্ষিণা সুন্দরী নাটকটি লিখেছেন শাহমান মৈশান, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকটি মঞ্চে আনতে সহযোগিতা করেছে ব্রিটিশ কাউন্সিল।
সুদীপ চক্রবর্তী বলেন, টিন ফরেস্ট থিয়েটার উৎসবে এবারই প্রথম বাংলাদেশ অংশ নিচ্ছে। দক্ষিণা সুন্দরী নাটকের পটভূমি তৈরি হয়েছে সুন্দরবনকে ঘিরে। এখানে গীত, বাদ্য, নৃত্যের সঙ্গে মধ্যযুগের আখ্যানরীতি সর্বপ্রাণবাদী পাঁচািল আকারে উপস্থাপন করা হয়েছে বাংলার রূপ।
সুদীপ চক্রবর্তী জানান, গ্লাসগোর আগে ১৩ থেকে ১৫ জুন ঢাকায়, ৯ জুলাই ম্যানচেস্টারে এবং ১১ থেকে ১৩ জুলাই লন্ডনে মঞ্চস্থ হবে দক্ষিণা সুন্দরী ।