কমরেডদের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই ওরা মহড়া করছিল। সাতজন ছেলেমেয়ে। সাত কমরেড। নাটমণ্ডলে পৌঁছালাম বিকেলে। ততক্ষণে ওদের অবয়বে ক্লান্তি চলে আসার কথা। কিন্তু কাজের সময় সে ক্লান্তি তো দেখলাম না!বন্ধ দরজা খুলে একজন পৌঁছে দিল মহড়াকক্ষে। শুরুতেই সেখানে নজরে পড়ল ইসরাফিল শাহীন, সাইদুর রহমান লিপন আর সুদীপ দের তৎপরতা। এদের প্রথমজন নির্দেশক। অন্য দুজন সহযোগিতা করছে পূর্ণমাত্রায়। মহড়ারত সাতজন আবার নতুন করে শুরু করছে একটি অংশ।সাম্যবাদী চিন্তার বিভিন্ন গলিপথ ঘুরিয়ে আনে ব্রার্টল্ড ব্রেশটের এই নাটকটি। দি মেজারস টেকেন-এর বাংলা করা হয়েছে সিদ্ধান্ত নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের নাটক এটি। এমনভাবে নাটকটি তৈরি করা হয়েছে, যেন যেকোনো জায়গায় যখন-তখন এর অভিনয় সম্ভব হয়। বিপ্লব সংঘটনের বিভিন্ন পথ, সে পথ খোঁজার জন্য বিভিন্ন চিন্তা ইত্যাদি নাটকটিকে জটিল করে তোলে। একজন কমরেডের মৃত্যু থেকেই শুরু। এই মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা, সে ভাবনার শুলুক-সন্ধান করতে গিয়েই আগের কাহিনি আসে, আর জটিল সব প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় দর্শককে। কোরাস চলছিল, অনেকটা এ রকম ছিল তার কথা, ‘পথ যদি হয় সংক্ষেপ/ সেই পথ যদি হয় দুর্গম/ যদি জানা থাকে সেই পথে শক্তি/ তাই হয়ে প্রত্যয় পরিচয়/ সুস্থির হও তুমি বন্ধু/ দিতে হবে বুদ্ধির পরিচয়/ থাকতে হবে সংঘবদ্ধ/ তুমি আমি সে আমরা সবাই।’ বিপ্লবীদের জন্য তো সে রকম পথই দরকার।ওদের পারস্পরিক কথাবার্তার কিছুটা, ‘বিপ্লবের পর্যাপ্ত অস্ত্র আমাদের কোথায়?’ এই প্রশ্নের জবাবে বিপ্লবে আকণ্ঠ নিমজ্জিত একজনের উত্তর, ‘আমরা খালি হাতে লড়ব। আমরা আমাদের সর্বস্ব দিয়ে লড়ব।’ অন্যজন তখন মনে করিয়ে দেয়, ‘তোমার এই হাত বিপ্লবের জন্য যথেষ্ট নয়। আর তুমি শুধু বেকার শ্রমিকদের দুর্দশা দেখেছ, যে শ্রমিকেরা কাজ করছে তাদের দেখছ না কেন? তা ছাড়া গ্রামের কৃষকদের কথা ভেবেছ কখনো?’ বিপ্লবের ভাবনার ডানার সীমাবদ্ধতাটা উপলব্ধি করা যায় এখানে।ইসরাফিল শাহীন নাটকটির নির্দেশক। কিন্তু তিনি অভিনয়শিল্পীদের ছাড়া-বলদের মতো ছেড়ে দিয়েছেন। এটাকে বলা হচ্ছে নন-ডিরেকশনাল পথ। অভিনয়শিল্পীরা নিজেদের মতো করেই দৃশ্য অনুযায়ী অভিনয় সাজিয়ে নিচ্ছে। একেকবার একেক দৃশ্য একেক রকম হচ্ছে। এখানেই নাটকটির শক্তি। প্রতিবার জীবন্ত হয়ে ওঠার সুযোগ থাকছে তাই। আমার মনে হচ্ছিল, অভিনয় একটু উচ্চকিত। কমরেড মানেই সেনা-কর্তৃত্ব কণ্ঠে ধারণ করে কথা বলবে, সেটা কেন হবে? কমরেডদের মধ্যে কি সব সময়ই উত্তেজনা কাজ করে? তারা কি সাধারণ কোনো আচরণ করে না? আচরণের ওঠা-নামায়ই তো একজন মানুষকে চেনা যায়। এ রকম একটি সংশয় প্রকাশ করলে নির্দেশক বুঝি তার থেকে কিছুটা নেন। এ ব্যাপারে ভাববেন বলেও জানান। লাবণী আক্তার, নুসরাত শারমীন, মাহজাবিন ইসলাম, সৈয়দা ইফাত আরা, সুশান্ত কুমার সরকার, মো. মেহেদী তানজির আর খান, মো. রফিকুল ইসলামকে নিয়েই নাটকটি। অনুবাদ করেছেন শাহমান মৈশান।নাটকের গতি যেন অভিনেত্রীদের ছেড়ে না যায়, সে জন্যই বুঝি মহড়ার মধ্যে একসময় নজরুলের ‘বিদ্রোহী’ কবিতাটি আবৃত্তি করার জন্য উপস্থিত হন আবৃত্তিকার রফিকুল ইসলাম।