কমল দাশগুপ্ত-ফিরোজা বেগম স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পকলা একাডেমিতে গতকাল কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমকে নিয়ে বক্তৃতা দেন অধ্যাপক রফিকুল ইসলাম l প্রথম আলো
শিল্পকলা একাডেমিতে গতকাল কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমকে নিয়ে বক্তৃতা দেন অধ্যাপক রফিকুল ইসলাম l প্রথম আলো

বাংলা আধুনিক গানের ধারা নিয়ে বলছিলেন ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম। কী করে রবীন্দ্রনাথ, ডি এল রায়, অতুলপ্রসাদ, নজরুল হয়ে কমল দাশগুপ্তের মধ্য দিয়ে বাংলা গান আধুনিক হয়ে উঠল, সেটাই বলছিলেন তিনি।
এ আলোচনা রফিকুল ইসলাম করছিলেন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রের মঞ্চে। গতকাল সন্ধ্যায় সেখানে ছিল সুরস্রষ্টা কমল দাশগুপ্ত ও শিল্পী ফিরোজা বেগম স্মরণে অনুষ্ঠান। শিল্পকলা একাডেমি ১৩ অক্টোবর থেকে সাংস্কৃতিক মনীষীদের স্মরণে ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল। গতকালেরটি ছিল শেষ অনুষ্ঠান।
রফিকুল ইসলাম অনুষ্ঠানের মুখ্য আলোচক। তাঁর মতে, বিশ শতকের প্রথম আড়াই দশকে বাংলা গানে প্রাধান্য বিস্তার করেছে স্বদেশি গান। এ সময় ডি এল রায়, অতুলপ্রসাদ, নজরুল—সবাই এমন গান লিখেছেন। তিনি বলেন, ‘আধুনিক বাংলা গানের যে ধারা আমরা দেখি, তা মূলত প্রেমের গান। নজরুল তাঁর প্রথম দিকের গানে নিজে সুর করেছেন। পরের দিকে হিজ মাস্টার্স ভয়েস (এইচএমভি) রেকর্ড থেকে তিনি তরুণ প্রতিভাবান সুরকারদের সুর করতে দিতেন। তার মধ্যে কমল দাশগুপ্ত ছিলেন। প্রায় ৮ হাজার গানে সুর দিয়েছেন। এমন সাংগীতিক প্রতিভা বাংলা গানে বিরল।’
রফিকুল ইসলাম বলেন, ‘ফিরোজা বেগমকে নিয়ে একবার শান্তিনিকেতনে গিয়েছিলাম। সেখানে পঞ্চকবির গান গেয়ে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন তিনি। কণিকা বন্দ্যোপাধ্যায় পঞ্চকবির একটি অ্যালবাম করেছিলেন। সেখানে নজরুলের দুটি গান তিনি শিখেছিলেন ফিরোজা বেগমের কাছ থেকে।’
অনুষ্ঠানের সভাপতি চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার বলেন, ‘বাঙালির গান সব সময়ই ছিল একক গান। এখানে কোরাস ছিল না। এখানে সংগীত মানেই সুরের ভেতর ডুবে যাওয়া। আমাদের যন্ত্রসংগীতেও তা-ই। ভালো গান হলে আমরা চোখ বন্ধ করে মুগ্ধ হয়ে শুনতাম।’ কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমও বাঙালিকে সংগীতে ডুবিয়ে রেখেছিলেন।
আলোচনা শেষে শিল্পীরা পরিবেশন করেন কমল দাশগুপ্তের সুর করা ও ফিরোজা বেগমের গাওয়া কিছু গান।