কমল দাশগুপ্ত স্মরণে কাল গুণী শিল্পীদের গান
এ বছরটি উপমহাদেশের অন্যতম গুণী সুরকার, সংগীতজ্ঞ কমল দাশগুপ্তের জন্মশতবর্ষ। উপমহাদেশের অন্যতম গুণী সুরকার ও সংগীতজ্ঞের জন্মশতবর্ষকে আরও স্মৃতিময় করে তুলতে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করেছে কমল দাশগুপ্ত ফাউন্ডেশন। ‘শতবর্ষে কমল দাশগুপ্ত’ শিরোনামের এ অনুষ্ঠানে কমল দাশগুপ্তের সুর করা ১৬টি পরিচিত গান পরিবেশন করবেন দেশের কয়েকজন গুণী শিল্পী। এঁরা হলেন সাবিনা ইয়াসমীন, সৈয়দ আবদুল হাদী, সুবীর নন্দী, ফেরদৌস আরা ও শাফিন আহমেদ।অনুষ্ঠানের একেবারে শেষে কমল দাশগুপ্তের স্ত্রী ও উপমহাদেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ফিরোজা বেগমও গান পরিবেশন করবেন।অনুষ্ঠানটি শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য। শতবর্ষে কমল দাশগুপ্ত অনুষ্ঠানটি পৃষ্ঠপোষকতা করছে এসিআই লিমিটেড।কাল শনিবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে শতবর্ষে কমল দাশগুপ্ত অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে।উল্লেখ্য, ১৯১২ সালের ৯ এপ্রিল যশোরের কালিয়ায় বনেদি একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেন উপমহাদেশের অন্যতম গুণী সুরকার, সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। ১৯৭৪ সালের ২০ জুলাই পৃথিবী ছেড়ে যান তিনি।