কমল দাশগুপ্তের সুরভরা সন্ধ্যা
মিলনায়তনের ভেতরে-বাইরে গ্রামোফোনের প্রতিকৃতি। পাশে কমল দাশগুপ্তের বিভিন্ন বয়সের ছবি। আয়োজনটি তাঁকে ঘিরেই। দেশের বিভিন্ন অঙ্গনের সুধীজনেরা এসেছিলেন তাঁর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার টানে। উপমহাদেশের অন্যতম সুরকার, সংগীতপরিচালক, সংগীতজ্ঞ কমল দাশগুপ্তের জন্মশতবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় গানে-কথায় স্মরণ করা হলো তাঁকে।অনুষ্ঠান শুরুর আগে কমল দাশগুপ্তের স্ত্রী সংগীতজ্ঞ ফিরোজা বেগম প্রথম আলোকে বলেন, ‘আজকের আয়োজনের অনুভূতি অসাধারণ। তাঁকে সর্বস্তরের মানুষ জানবে, তাঁর কাজের সম্মান দেবে—এই প্রত্যাশাই আমি সব সময় করি।’শুরুতেই কমল দাশগুপ্তকে নিয়ে লিখিত প্রবন্ধ পাঠ করেন সাবেক সচিব আসাফ্উদ্দৌলাহ্। এতে তিনি বলেন, কমল দাশগুপ্ত তাঁর অসাধারণ কর্মের জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর মতো এমন আধুনিক সংগীতজ্ঞ এখন দেখা যায় না। মাত্র ২০ বছর বয়সে তিনি এইচএমভি গ্রামোফোন কোম্পানিতে সংগীতপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আপন প্রতিভায় অচিরেই প্রধান সংগীতপরিচালকের দায়িত্বে নিয়োজিত হন। এই সময়েই তিনি কবি কাজী নজরুল ইসলামের সান্নিধ্যে আসেন।বক্তৃতা শেষে ছিল কমল দাশগুপ্তের সুর করা গান। শুরু করেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী। ‘পৃথিবী আমারে চায়’, ‘তুমি কি এখন দেখিছ স্বপন’ গান দুটি পরিবেশন করেন তিনি।এরপর শাকিলা জাফর গেয়ে শোনান ‘আমি বনফুল গো’, ‘তুফান মেঘ’ গান দুটি। কমল দাশগুপ্তের ছেলে শাফিন আহমেদ পরিবেশন করেন ‘এসেছিল মধু যামিনী’ ও ‘কণ্ঠে আমার নিশি দিন’ গান।এ ছাড়া অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন আসাফউদ্দৌলাহ্, ফাতেমা-তুজ-জোহরা, ফেরদৌস আরা ও সুবীর নন্দী। সবশেষে মঞ্চে আসেন ফিরোজা বেগম। ‘শতেক বরষ পরে’, ‘এই কি গো শেষ দান’ গান দুটি পরিবেশন করেন তিনি।কমল দাশগুপ্তের জন্ম ১৯১২ সালের ৯ এপ্রিল যশোরের কালিয়া গ্রামে। তিনি ১৯৭৪ সালের ২০ জুলাই ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।তিনি নজরুলের প্রায় ৪০০ গানসহ প্রায় ৮ হাজার গানের সুর করেন।