
‘কত দিন দেখিনি তোমায়’, ‘ভালোবাসা মোরে ভিখারি করেছে’, ‘পৃথিবী আমারে চায়’—এমন অনেক জনপ্রিয় আধুনিক গানসহ প্রায় আট হাজার গানের সুর করেছেন কমল দাশগুপ্ত। এর মধ্যে ছিল আধুনিক, নজরুলসংগীত, ভজন, গীত, গজল, কাওয়ালি ইত্যাদি। তিনি ৩০ বছর গ্রামোফোন কোম্পানিতে প্রধান সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। সংগীত পরিচালনা করেছেন ৮০টি চলচ্চিত্রে। এই গুণী সুরস্রষ্টার স্মরণে গতকাল রোববার শিল্পকলা একাডেমীতে আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
সন্ধ্যায় একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন একাডেমীর ভারপ্রাপ্ত মহাপরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী। আলোচনা করেন সায়েম রানা এবং একাডেমীর সংগীত ও নৃত্য বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।
বক্তার বলেন, বাংলা গানের ভুবনে কমল দাশগুপ্ত এক অনন্য নাম। প্রকাশবোধের সারল্য ও অনুভবের গভীরতা—এই দুই অপরিহার্য উপাদানের সৌন্দর্যময় সম্মিলন তাঁর সংগীতরীতির বৈশিষ্ট্য। তিনি ছিলেন স্বতন্ত্র মহিমায় উজ্জ্বল। বাংলা চলচ্চিত্রকেও গানের ঐশ্বর্যে সমৃদ্ধ করেছেন কমল দাশগুপ্ত। নজরুলের অনেক গানে সুর দিয়ে বাংলার ঘরে ঘরে আদরণীয় করে তোলেন।
আলোচনা শেষে সংগীত পরিবেশন করেন শিল্পী ইফ্ফাত আরা দেওয়ান, খায়রুল আনাম শকিল, শারমীন সাথী ইসলাম, সুমা রাণী রায়, সুমন চৌধুরী প্রমুখ। তাঁদের পরিবেশিত গানের মধ্যে ছিল ‘আশা দিয়ে কেন চলে যায়’, ‘আমার এ ভালোবাসা’, ‘এখনো ওঠেনি চাঁদ’, ‘এই কি গো শেষ দান’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘ভালোবাসা মোরে ভিখারি করেছে’, ‘তুমি কি এখন দেখিছ স্বপন’, ‘চরণ ফেলিও ধীরে ধীরে প্রিয়’, ‘দুটি পাখি দুটি তীরে’, ‘গভীর নিশীথে ঘুম ভেঙে যায়’, ‘ঘুমের ছায়া চাঁদের চোখে’, ‘আমি বনফুল গো’ এসব।
১৯১২ সালের ৯ এপ্রিল যশোরের কালিয়ায় জন্মগ্রহণ করেন উপমহাদেশের অন্যতম গুণী সুরকার, সংগীতজ্ঞ কমল দাশগুপ্ত। যশোর থেকে তাঁর পরিবার চলে যায় কলকাতায়। কলকাতার মানিকতলার একটি বাড়িতে তাঁরা বসবাস শুরু করেন। ৯ ভাইবোনের সবাই ছিলেন সংগীতে পারদর্শী। সবার রেকর্ড বেরিয়েছিল এইচএমভি কোম্পানি থেকে। বাড়িতেই সংগীতের ভিত্তিটা হয়েছিল তাঁর। সেই সময়ে বাড়িতে বিখ্যাত সব ওস্তাদের যাতায়াত ছিল। কাজী নজরুল ইসলামও তাঁদের বাড়িতে প্রায়ই যেতেন। পরবর্তী সময়ে তিনি ও কাজী নজরুল ইসলাম একই সঙ্গে গ্রামোফোন কোম্পানির প্রশিক্ষক ওস্তাদ জমিরউদ্দিন খাঁর কাছ থেকে সংগীতে তালিম নেন। ১৯৭৪ সালের ২০ জুলাই পৃথিবী ছেড়ে যান এই সুরের সাধক।

জনপ্রিয় ব্যান্ডদল মাইলসের সংগীতসন্ধ্যা ছিল গত শনিবার ভারতীয় হাইকমিশনের গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে। অনুষ্ঠানে মাইলসের শিল্পী শাফিন আহমেদের সঙ্গে তাঁর ছেলে রাকিন আহমেদও গান করেছেন। অনুষ্ঠান শুরু হয়েছিল সন্ধ্যা সাড়ে ছটায়।
রবীন্দ্র, নজরুল, আধুনিক ও রক গানের সঙ্গে বেশ কিছু ইংরেজি গানও ছিল মাইলসের পরিবেশনায়। গানগুলোর মধ্যে ছিল ‘সেদিন দুজনে দুলেছিনু বনে’, ‘মনে পড়ে আজ’, ‘কত দিন দেখিনি তোমায়’, ‘প্রথম প্রেমের মতো’, ‘আর কত কাল খুঁজব তোমায়’, ‘পারি না বোঝাতে’, ‘হোটেল ক্যালিফোর্নিয়া’ এসব।
স্মরণানুষ্ঠান
দেশের চার প্রখ্যাত লোকসংগীতশিল্পীর স্মরণে শিল্পকলা একাডেমী দুই দিনব্যাপী আলোচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করছে। এই চার শিল্পী হলেন আব্বাস উদ্দীন আহমেদ, ওস্তাদ মোমতাজ আলী খান, কানাই লাল শীল ও আবদুল আলিম। আজ সোমবার ও কাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় একাডেমীর সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এই অনুষ্ঠান শুরু হবে।
আজকের অনুষ্ঠানে আলোচক থাকবেন লোকসংগীতশিল্পী ইন্দ্রমোহন রাজবংশী ও নাদিরা বেগম। কাল আলোচনা করবেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহসভাপতি গোলাম কুদ্দুছ। আলোচনার পর বিশিষ্ট শিল্পীরা সংগীত পরিবেশন করবেন।