কমলগঞ্জে মণিপুরি সংস্কৃতি উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাতৃভাষা আগে, পরভাষা পরে। প্রাক-প্রাথমিক পর্যায়ে শিক্ষাদানে মণিপুরি সম্প্রদায় নিজের মায়ের ভাষাকে মর্যাদা দিচ্ছে। মণিপুরি সংস্কৃতি খুবই সমৃদ্ধ। সাহিত্যচর্চায়ও মণিপুরিরা এগিয়ে আছে। মণিপুরি নৃত্যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও মুগ্ধ হয়েছিলেন। মণিপুরি সম্প্রদায় যেভাবে নিজেদের ভাষা, ইতিহাস ও সংস্কৃতিকে ধরে রেখেছে তা প্রশংসনীয়। গতকাল ১৭ মার্চ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মণিপুরি-অধ্যুষিত মাধবপুর ললিতকলা একাডেমিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক মণিপুরি সাহিত্য ও সংস্কৃতি উৎসব-২০১১’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ হাবিবুর রহমান এ কথাগুলো বলেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক রাধামোহন সিংহের সভাপতিত্বে মণিপুরি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাদনসহ জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন ভারতের মুম্বাইয়ের প্রখ্যাত মণিপুরি নৃত্যশিল্পী ও নৃত্যগুরু পদ্মশ্রী দর্শনা ঝাভেরি। নির্মল সিনহার সঞ্চালনায় উৎসবের প্রথম দিন প্রথম পর্বে গতকাল বৃহস্পতিবার আলোচনা পর্বে প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাবিবুর রহমান বলেন, সব জাতিরই মাতৃভাষার চর্চা করা উচিত। মাতৃভাষার প্রতি দরদ রেখে নিজস্ব ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে লালনপালন করে অন্য ভাষা, ইতিহাস, ঐতিহ্য, সাহিত্য ও সংস্কৃতি চর্চা করতে হবে। উৎসবের প্রথম দিনে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের অধ্যাপক রফিকুর রহমান, মণিপুরি ললিতকলা একাডেমির পরিচালক রামকান্ত সিংহ ও আবদুল হান্নান। আলোচনা অনুষ্ঠানের পর ছিল মণিপুরি ভাষায় লেখালেখি, কবিতা ও সংগীত প্রতিযোগিতা এবং শিশু সমাবেশ। এরপর মণিপুরি ললিতকলা মিলনায়তনে ‘রবীন্দ্রনাথের নাচ ও গানে মণিপুরী নৃত্যের প্রভাব’ শীর্ষক বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। প্রভাসিনী সিনহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ভারতের আসাম রাজ্যের নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার কার্যকরী সভাপতি শিক্ষাবিদ হেমকান্ত সিংহ। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন পদ্মশ্রী দর্শনা ঝাভেরি। আলোচক ছিলেন, কবি ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ, মণিপুরি নৃত্যশিল্পী তামান্না রহমান, আসামের বিষ্ণুপ্রিয়া মণিপুরি লেখক ফোরামের সভাপতি কবি দিলস লক্ষ্মীন্দ্র সিংহ, রণজিৎ সিংহ, প্রাবন্ধিক ও গবেষক আহমদ সিরাজ।সন্ধ্যায় বিষ্ণুপ্রিয়া মণিপুরি নটপালা সংস্কৃতি পরিষদ, মণিপুরি থিয়েটার, গৌরহরি চ্যাটার্জি, সুনীতি সিনহা, মীরা সিনহা, মৃন্ময় সিংহ, ধীরকান্ত সিংহ সানন্দা সিনহা ও ভারতের প্রখ্যাত শিল্পী আশুতোষ সিংহ ও প্রীতি সিংহের অংশগ্রহণে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান।