কমান্ডার অব দি আর্টস সম্মাননা পেলেন ডোনাল্ড সাদারল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ সম্মাননা কমান্ডার অব দি আর্টস পেলেন ‘দ্য হাঙ্গার গেমস’খ্যাত বর্ষীয়ান কানাডিয়ান অভিনেতা ডোনাল্ড সাদারল্যান্ড। চলচ্চিত্রশিল্পে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসেবে সম্প্রতি প্যারিসে আয়োজিত একটি অনুষ্ঠান থেকে ডোনাল্ডের হাতে এ সম্মাননা তুলে দিয়েছেন ফ্রান্সের সাবেক সংস্কৃতিমন্ত্রী ফ্রেডেরিক মিটার্যান্ড। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে বিবিসি।এর আগে এ সম্মাননা পেয়েছেন মার্কিন অভিনেতা ও নির্মাতা ক্লিন্ট ইস্টউড, ব্রিটিশ অভিনেতা স্যার মাইকেল কেইন এবং গায়িকা ও অভিনেত্রী মেরিয়ান ফেইথফুল। ফরাসি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য স্ত্রী ফরাসি বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ফ্র্যান্সিন র্যাকেটকে বিশেষভাবে ধন্যবাদ জানান ডোনাল্ড। তিনি বলেন, ‘ফরাসি সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার স্ত্রীকে। সে শুধু আমাকে ফরাসি ছবির সঙ্গেই পরিচয় করিয়ে দেয়নি, চিজ ও বাগেটসের মতো খাবার সম্পর্কেও অবগত করেছে।’উল্লেখ্য, ১৯৩৫ সালের ১৭ জুলাই কানাডার সেইন্ট জন শহরে জন্মেছিলেন ডোনাল্ড সাদারল্যান্ড। দীর্ঘ ৫০ বছরের অভিনয় জীবনে ‘ক্যাসানোভা’, ‘দ্য ইতালিয়ান জব’, ‘অ্যালেক্স ইন ওয়ান্ডারল্যান্ড’, ‘স্ক্রিম অব স্টোন’, ‘ম্যাশ’, ‘দ্য ডার্টি ডজন’, ‘প্রাইড অ্যান্ড প্রিজুডিস’, ‘হরাইবল বসেস’, ‘দ্য হাঙ্গার গেমস’সহ শতাধিক ছবিতে অভিনয় করেছেন ৭৬ বছর বয়সী এ অভিনেতা। কাজের স্বীকৃতি হিসেবে অর্ডার অব কানাডা, গোল্ডেন গ্লোবসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন। এ ছাড়া কানাডার লেকহেড বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টর অব লেটারস ডিগ্রিও পেয়েছেন গুণী এ শিল্পী।