কমে যাচ্ছে দেশের গানের অ্যালবাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ের মাসে দেশজুড়ে চলছে নানা আয়োজন। টিভি চ্যানেলগুলোয়ও শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিশেষ অনুষ্ঠান ও নাটক প্রচার। কিন্তু পিছিয়ে রয়েছে শুধু আমাদের অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। জানা গেছে, পাঁচ-ছয় বছর আগেও বিজয় দিবসকে নিয়ে অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অ্যালবাম প্রকাশসহ নানা ধরনের আয়োজন করত। কিন্তু গত কয়েক বছর বিজয় দিবসকে ঘিরে অ্যালবাম প্রকাশের এই ধারা অনেকটাই কমে গেছে। এ বছর সেটা প্রায় শূন্যের কোঠায় চলে এসেছে। সাউন্ডটেক, সংগীতা, গানচিল ও ফাহিম মিউজিকের মতো বড় প্রতিষ্ঠানগুলো এ বছরের বিজয় দিবসে কোনো অ্যালবাম প্রকাশ করছে না। কেবল লেজার ভিশন ও জি-সিরিজ থেকে প্রকাশিত হচ্ছে কয়েকটি অ্যালবাম।কারণ হিসেবে একবাক্যে সবাই অডিও বাজারের দুরবস্থাকে দায়ী করেছেন। তাঁদের মধ্যে আবার কেউ কেউ বলছেন, তাঁরা এবারের বিজয় দিবস উপলক্ষে শিল্পীদের কাছ থেকে তেমন কোনো উল্লেখযোগ্য অ্যালবাম জমা পাননি।বিজয় দিবস উপলক্ষে আগামী সপ্তাহে লেজার ভিশন থেকে বের হবে দেশের গান নিয়ে গায়িকা রুমানা ইসলামের অ্যালবাম মাগো তোকে ভালোবাসি। এই অ্যালবাম ছাড়া আর কোনো অ্যালবামই লেজার ভিশন বাজারে ছাড়বে না বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। এদিকে জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া খালিদ বলেন, ‘বরাবরই আমরা বিজয় দিবস উপলক্ষে চার-পাঁচটি অ্যালবাম বাজারে ছাড়ি। এবারও এর ব্যতিক্রম হবে না। এর মধ্যে দেশের গানের একটি অ্যালবাম পুরোপুরি তৈরি হয়ে আছে। তবে নামটা এখন পর্যন্ত চূড়ান্ত করা হয়নি। এ ছাড়া একটি শাস্ত্রীয় সংগীতের অ্যালবাম ছাড়ব বলে চূড়ান্ত করেছি। এর বাইরে প্রতিবছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে আরও দু-একটি অ্যালবাম বাজারে ছাড়ব।’গানচিলের স্বত্বাধিকারী ও এমআইবির সভাপতি কুমার বিশ্বজিৎ বলেন, ‘গত বিজয় দিবসে আমরা দেশের গানের একটি মিক্সড অ্যালবাম প্রকাশ করেছিলাম। এবারও অবশ্য করার চিন্তাভাবনা ছিল। কিন্তু পোশাক-শ্রমিকদের গানের অনুষ্ঠান “গর্ব” নিয়ে ব্যস্ত থাকার কারণে এবার সেটা সম্ভব হয়ে ওঠেনি। এখানে একটা কথা বলা উচিত যে দেশের গানের অ্যালবাম বের করতে হলে চেতনার দরকার হয়। আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির এখন যে অবস্থা, তাতে দিন দিন আমাদের চেতনা হারিয়ে যাচ্ছে। দেশের গানের অ্যালবাম প্রকাশের মূল অন্তরায় চেতনার অভাব।’এদিকে শীর্ষ অডিও প্রতিষ্ঠানগুলো বিজয় দিবস উপলক্ষে দেশের গানের অ্যালবাম প্রকাশ করতে না পারলেও স্টেপ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনায় জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র বের করছে জাগরণের গান ২ অ্যালবামটি। সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে কাল গণসংগ্রামের গানের সংকলন জাগরণের গান ২ অ্যালবামটির মোড়ক উন্মোচন করা হবে। এবারের অ্যালবামে থাকছে ১০১টি গান। এর মধ্যে নতুন গান ৭১টি, আর প্রথম অ্যালবাম থেকে ৩০টি গান রাখা হয়েছে। জাগরণের গান ২ অ্যালবামের গানগুলোয় কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা।বাংলালিংকের পৃষ্ঠপোষকতার পাশাপাশি এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও।