কয়্যার বাংলার 'নতুন করে পাওয়া'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুয়েক আগে দলটির নাম ছিল কয়্যার থার্টি ওয়ান। তখন গানের এই দলটির সদস্যসংখ্যা ছিল ৩১। এখন আছেন ১৬ জন। তাই দলটির নামও পাল্টে গেছে। নতুন নাম কয়্যার বাংলা। এই দলটির প্রধান সংগীতশিল্পী সজীব বলেন, ‘আমরা আকাপেলা ফর্মে গান করি। শুধুই কণ্ঠের ব্যবহার, কোনো বাদ্যযন্ত্র নেই। গান গাওয়ার পাশাপাশি কণ্ঠ দিয়ে আওয়াজ করি, হাততালি দিই, পায়ে আওয়াজ করি। পশ্চিমা দেশগুলোতে এ ধরনের সংগীত খুব জনপ্রিয়। আমি একাই সব করতে পারি—এই ভাবনা থেকে সরে এসে আমরা সবাই মিলে গান করছি।’ কয়্যার বাংলার প্রথম অ্যালবাম নতুন করে পাওয়া। বাজারে এনেছে লেজার ভিশন। সজীব বলেন, ‘আমরা তো অনেকের গানই করছি। এই অ্যালবামে গেয়েছি নজরুলের ছয়টি গান, রবীন্দ্রনাথের দুটি গান মিলিয়ে একটি গান, লালনের আর সলিল চৌধুরীর গান। কাল শনিবার নজরুলজয়ন্তী। তাই অ্যালবামটি প্রকাশের জন্য এই সময়টাকেই আমরা বেছে নিয়েছি।’ সজীব জানালেন, আজ সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় অ্যালবামটির মোড়ক খোলার অনুষ্ঠান হবে।