কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পেলেন ক্যাটরিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌনে তিন কোটি ভারতীয় রুপি কর ফাঁকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছিল বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফের বিরুদ্ধে। সম্প্রতি ওই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা।ক্যাটরিনা এখন পর্যন্ত বেশ কটি কোম্পানির বিভিন্ন পণ্যের মডেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। পণ্যের প্রচারণার ক্ষেত্রে তাঁর স্থিরচিত্র ব্যবহারের পাশাপাশি একাধিক বিজ্ঞাপনচিত্রও প্রচারিত হয়েছে টিভি চ্যানেলে। এর পরিপ্রেক্ষিতে পৌনে তিন কোটি রুপি সার্ভিস ট্যাক্স দিতে বলা হয়েছিল ক্যাটরিনাকে। কিন্তু তা না দেওয়ায় পরে তাঁর বিরুদ্ধে কর ফাঁকির মামলা হয়। মামলার বিষয়টি জানার পর কর পরিশোধের দায়দায়িত্ব তাঁর নয় বলে দাবি করেন ক্যাটরিনা। এই দায়িত্ব তাঁর এজেন্ট ম্যাট্রিক্স ইন্ডিয়া এন্টারটেইনমেন্ট কনসালটেন্টসের বলেও জানান তিনি। তাঁর এজেন্ট কর পরিশোধের দায়দায়িত্ব স্বীকার করে নেওয়ায় সম্প্রতি কর ফাঁকির মামলা থেকে অব্যাহতি পান ক্যাটরিনা।