করণ জোহরের ছবিতে ঐশ্বরিয়া!
১৯৮২ সালে মুক্তি পেয়েছিল ঋষিকেশ মুখার্জি পরিচালিত চলচ্চিত্র ‘বেমিসাল’। ছবিটির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও রাখি। এবারে ছবিটির রিমেক তৈরির পরিকল্পনা করেছেন নির্মাতা করণ জোহর। ছবিটিতে রাখির চরিত্রে তিনি নিতে চান অমিতাভের পুত্রবধূ ঐশ্বরিয়া রাই বচ্চনকে। এরই মধ্যে বিষয়টি নিয়ে ঐশ্বরিয়ার সঙ্গে আলোচনাও শুরু করে দিয়েছেন করণ।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, ‘বেমিসাল’ ছবির রিমেক তৈরির সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন করণ জোহর। তবে ছবিটি তিনি নিজেই পরিচালনা করবেন কি না, তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। মূল ছবিতে রাখি যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রে ঐশ্বরিয়াকে নেওয়ার চেষ্টা করছেন করণ। সম্প্রতি তিনি ঐশ্বরিয়ার সঙ্গে আলোচনার টেবিলেও বসেছিলেন। সবকিছু ঠিক থাকলে করণের পরবর্তী ছবিতে দেখা মিলবে ঐশ্বরিয়ার।সর্বশেষ ২০১০ সালে মুক্তি পাওয়া ‘গুজারিশ’ ছবিতে দেখা গেছে ঐশ্বরিয়াকে। গত বছরের নভেম্বরে মা হওয়ার পর থেকে রুপালি পর্দার জগত্ থেকে দূরে আছেন তিনি। কিছুদিন আগে প্রকাশিত খবরে বলা হয়, ১৯৩৮ সালে প্রকাশিত বিখ্যাত উপন্যাস ‘রেবেকা’ অবলম্বনে ছবি তৈরির কাজ হাতে নিয়েছেন মনিরত্নম। ছবিটির চিত্রনাট্য পছন্দ হওয়ায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে রাজিও হয়েছেন ঐশ্বরিয়া। সবকিছু ঠিকঠাক এগোলে আগামী বছর ছবিটির কাজ শুরু হবে। ২০১৪ সালে এটি মুক্তি দিতে চান নির্মাতা মনিরত্নম।