করণের পারিবারিক সদস্য শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশ কিছুদিন ধরে শাহরুখ খান ও করণ জোহরের বন্ধুত্ব নিয়ে নানা ধরনের নেতিবাচক খবর প্রচার করছে বলিউডকেন্দ্রিক বিভিন্ন সংবাদমাধ্যম। তবে এসব খবরকে স্রেফ গুজব আখ্যা দিয়ে করণ জানিয়েছেন, শাহরুখকে নিজের পরিবারের একজন সদস্য বলে মনে করেন তিনি। বেশ কয়েক বছর ধরে দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জড়িয়ে আছেন শাহরুখ ও করণ। সুসময় কিংবা দুঃসময়ে বরাবরই পরস্পরের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। সত্যিকারের বন্ধুত্বের উদাহরণ টানতে গিয়ে অনেকেই উল্লেখ করেন বলিউডের অন্যতম সফল এ নির্মাতা-তারকা জুটির নাম। কিন্তু চলতি বছরের শুরুতে এ জুটির বন্ধুত্বে ফাটলের খবর চাউর হয়। প্রকাশিত বিভিন্ন খবরে দাবি করা হয়, শাহরুখের চিরশত্রু সালমানের সঙ্গে করণের সখ্য বাড়ায় দূরত্ব সৃষ্টি হয়েছে শাহরুখ ও করণের মধ্যে। নতুন বছর বরণ করে নিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন শাহরুখ। করণ সেখানে হাজির না হওয়ায় তাঁদের বন্ধুত্বের ফাটলের খবর আরও শক্ত ভিত্তি পেয়ে যায়।শাহরুখ ও করণের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে কি না, এমন প্রশ্নের জবাবে করণ বলেন, ‘বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কম জল ঘোলা হয়নি। আমার মনে হয়, আসল সত্যটা সবাই জানেন। কাজেই এ নিয়ে আর কিছু বলতে চাই না আমি। এ ছাড়া, এটা নিতান্তই আমার একটা ব্যক্তিগত বিষয়।’ করণ আরও বলেন, ‘শাহরুখ আমার পরিবারের সদস্যের মতোই। এই একটা উত্তর থেকেই শাহরুখ ও আমাকে ঘিরে সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব।’এখন পর্যন্ত জুটি বেঁধে বেশ কয়েকটি সফল ছবি উপহার দিয়েছেন করণ ও শাহরুখ। সেগুলো হলো: ‘কুচ কুচ হোতা হ্যায়’, ‘কাল হো না হো’, ‘কাভি আল বিদা না কেহ না’ ও ‘মাই নেম ইজ খান’।