করোনাভাইরাস: বিনোদনের নতুন খলনায়ক

বিশ্বজুড়ে বিনোদনেরও ওপর আঘাত হানছে করোনাভাইরাস। কোথাও সিনেমা হল বন্ধ, কোথাও শুটিং বন্ধ, মুক্তির তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে কোনো কোনো ছবির। আবার তারকারা কেউ মাস্ক পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে নিরাপদে থাকার কথা বলেছেন। চলচ্চিত্র–সংশ্লিষ্ট ব্যক্তিরা তাই করোনাকে বলছেন চলচ্চিত্রের নতুন খলনায়ক। করোনা নিয়ে বিনোদন অঙ্গনের এমন টুকরো খবর থাকল আজ।
ঢালিউড
শুটিং পিছিয়েছে: ‘যদি...কিন্তু...তবুও...’
মুক্তি পিছিয়েছে: ‘ঊনপঞ্চাশ বাতাস’ (মুক্তির কথা ছিল ১৩ মার্চ), ‘নীল মুকুট’ (মুক্তির কথা ছিল ২৭ মার্চ)
আপাতত বন্ধ ‘দ্য এলেন ডিজেনারস শো’
কথা ছিল দর্শক ছাড়াই ধারণ করা হবে ‘দ্য এলেন ডিজেনারস শো’। কিন্তু ইনস্টাগ্রামে একটি নোটিশ লিখে জানিয়ে দেওয়া হয়, ৩০ মার্চ পর্যন্ত সব ধরনের কাজই তাঁরা বন্ধ ঘোষণা করেছেন। কারণ, নিরাপত্তাকেই সবার ওপরে গুরুত্ব দিচ্ছেন তাঁরা।

বন্ধ ‘মিশন ইম্পসিবল সেভেন’ ছবির শুটিং
ইতালিতে সব ধরনের জমায়েত বন্ধ। তাই বাতিল ‘মিশন ইম্পসিবল সেভেন’ ছবির শুটিং।
বাতিল হচ্ছে চলচ্চিত্র উৎসব
বন্ধ ঘোষাণা করা হয়েছে ট্রিবেকা ফিল্ম ফেস্টিভ্যাল, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব লস অ্যাঞ্জেলেস, হংকং ফিল্মমার্টসহ বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসব ও চলচ্চিত্র বাজার। কান কর্তৃপক্ষ জানিয়েছে, অবস্থা অপরিবর্তিত থাকলে কান চলচ্চিত্র উৎসবও সঠিক সময়ে না–ও হতে পারে। অর্থাৎ কানেও টান দিয়েছে করোনা।

মুক্তি পাচ্ছে না অনেক ছবি
ঠিক সময়ে মুক্তি পাচ্ছে না ডিজনির ছবি ‘মুলান’। ইউনিভার্সেলের ছবি এফ নাইন পিছিয়ে মুক্তি পাবে ২০২১ সালের ৯ এপ্রিল। ‘নো টাইম টু ডাই’ পিছিয়ে গেছে নভেম্বরে। ভারতে ‘সূর্যবংশী’, ‘মারাক্কার’সহ বেশ কিছু সিনেমার মুক্তি পিছিয়েছে।

ইতালিতে সব সিনেমা হল বন্ধ
ইতালিতে ৮ মার্চ থেকে সব সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে। ৩ এপ্রিল পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। ইউরোপের অনেক দেশেই বেশির ভাগ সিনেমা হল বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। এ তালিকায় আছে জার্মানি, স্পেন, ডেনমার্ক, নরওয়ে, গ্রিস, পোল্যান্ড। এ ছাড়া চীনে হাজারের বেশি, ভারতে বেশ কয়েকটি রাজ্যে ও ফ্রান্সে ৩৮টি সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে।
