কর্নিয়ার আকাশে ওড়ার স্বপ্ন

‘আমি গানকে মনে-প্রাণে ধারণ করি। তা আজীবন করে যাব।’ বললেন সংগীতশিল্পী কর্নিয়া। এ বছর ভালোবাসা দিবসে শুনতে কি পাও অ্যালবামে বেলাল আহমেদের সঙ্গে দ্বৈত কণ্ঠে তিনি গেয়েছেন ‘তারায় তারায়’ গানটি। এই একটি গান গেয়েই কর্নিয়া দারুণ পরিচিতি পান।
‘পাওয়ার ভয়েস ২০১২’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ কর্নিয়া বলেন, ‘পাওয়ার ভয়েসের পর একক অ্যালবামের কাজ করা হয়নি। তবে আটটি মিশ্র অ্যালবামের জন্য গান করেছি। এখন মঞ্চে আর টিভিতে গান করে দর্শক-শ্রোতাদের বেশ কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি।’
হ্যাঁ, অল্প সময়ে এ প্রজন্মের শিল্পীদের তালিকায় উঠে এসেছে কর্নিয়ার নাম।
পাওয়ার ভয়েস, ২০১২ প্রতিযোগিতায় সুযোগ পাওয়া প্রসঙ্গে কর্নিয়া বলেন, ‘তা খুব মজার ঘটনা। টিভিতে বিজ্ঞাপন দেখে আবেদন করি। পরে আর আগ্রহ ছিল না, তাই আর খেয়াল করিনি। একদিন আমার এক বন্ধু জানাল, এ প্রতিযোগিতায় আমি ইয়েস কার্ড পেয়েছি। কিন্তু তত দিনে যোগাযোগের সময় শেষ। পরদিন বাছাই পর্বে গিয়ে যোগাযোগ করি। আমার আগ্রহ আর কথা শুনে কর্তৃপক্ষ সুযোগ দিলেন।’
এরপর কর্নিয়া ধাপে ধাপে উঠে এলেন চূড়ান্ত প্রতিযোগিতায়। জয় করে নিলেন দর্শকের ভালোবাসা। হয়েছেন দ্বিতীয় রানারআপ।
গানের ব্যাপারে কর্নিয়ার ছোটবেলা থেকেই আগ্রহ ছিল? কর্নিয়া বললেন, ‘না না, ছোটবেলায় পাইলট হতে চেয়েছিলাম। বাবা ছিলেন বিমানবাহিনীতে। বাবাকে দেখে আকাশে ওড়ার শখ হতো। বিমান চালিয়ে দেশে-বিদেশে ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখতাম। কিন্তু তাতে মার ছিল আপত্তি। মা গান গাইতেন। আমার বয়স তখন সাড়ে তিন বছর, আমাকে জোর করে গান শেখাতে বসতেন। এরপর বাসায় শিক্ষকের কাছে গান শিখেছি। ছায়ানটে ভর্তি হই। এখান থেকে নজরুলসংগীতের ওপর কোর্স করেছি।’
কর্নিয়া এখন চলচ্চিত্রে গান করছেন। জানালেন, এরই মধ্যে পাঁচটি ছবিতে গান করেছেন তিনি। বললেন, ‘পাওয়ার ভয়েস প্রতিযোগিতার সময় ইমন সাহা রাঙামন ছবির একটি গানে কণ্ঠ দেওয়ার জন্য আমাদের পাঁচজনকে ডাকেন। অডিশনে টিকে যাই আমি। চলচ্চিত্র বড় একটা জায়গা। এখন এখানে নিয়মিত কাজ করব।’
বর্তমান ব্যস্ততা নিয়ে বললেন, ‘একক অ্যালবামের প্রস্তুতি নিচ্ছি। কয়েকটি মিশ্র অ্যালবামের কাজ করছি। আর মঞ্চ ও টিভির অনুষ্ঠান তো আছেই।’
গান নিয়ে থাকলেও এখনো আকাশে ওড়ার স্বপ্ন দেখেন কর্নিয়া। তবে এটাও বিশ্বাস করেন, গান নিয়ে যেভাবে ব্যস্ত হয়ে পড়েছেন, তাতে আকাশে ওড়ার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।