কর্মেই ‘মুক্তির উপায়’
“ভুবনেশ্বর হে, মোচন কর’ বন্ধন সব মোচন কর’ হে” গান দিয়ে শুরু নাটক। এরপর গানে, সংলাপে নাটকের গল্প এগিয়ে যায়। প্রশ্ন ওঠে, মানুষের মুক্তি কোথায়? এই প্রশ্নকে কেন্দ্র করেই নানা রকমের হাস্যরসাত্মক দৃশ্যে নাগরিক নাট্যাঙ্গনের নতুন নাটক মুক্তির উপায় পূর্ণতা পায়। পরিশেষে বলা হয়, মুক্তির পথ আর কোথাও নয়, নিজের কর্মের ভেতর।রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন উপলক্ষে নাগরিক নাট্যাঙ্গন মঞ্চে এনেছে নতুন নাটক মুক্তির উপায়। রবীন্দ্রনাথের ছোটগল্প ‘মুক্তির উপায়’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম। গতকাল বৃহস্পতিবার জাতীয় শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটারে ছিল নাটকটির উদ্বোধনী প্রদর্শনী।মুক্তির উপায় নাটকে দেখা যায়, মানব সমাজে অনেক মানুষ আছে, যারা সংসার-কর্ম ভুলে পরমাত্মার সান্নিধ্য পেতে চায়। মুক্তির পথ খুঁজতে গিয়ে তারা হারিয়ে যায়। সব ছেড়ে নিজের মাঝে ডুবে থাকে। এ থেকে সঠিক পথে ফেরার নির্দেশনা নিয়ে নাটকের গল্পের সূত্রপাত। শেষে বলা হয়, মানুষের কর্মের মাঝেই মুক্তির পথ। মুক্তি সংসারেই বিরাজ করে; মুক্তি মেলে মানব সেবায়, মহৎ কর্মে।নাটকটির কেন্দ্রীয় চরিত্র হেমবালার ভূমিকায় অভিনয় করেছেন নির্দেশক লাকী ইনাম। তিনি বললেন, ‘আমাদের নাটকগুলোতে সব সময় বৈচিত্র্য আনার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথের গল্প যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি বিনোদনের বিষয়টিকেও প্রাধান্য দিয়েছি।’ তিনি জানান, মুক্তির উপায় নামে অন্য একটি নাটক থাকলেও এ নাটকের সঙ্গে তার মিল নেই। বরং ছোটগল্প ‘মুক্তির উপায়’ অবলম্বনে রচিত নাটকটিকে সমসাময়িক করা হয়েছে। নাটকে রবীন্দ্রনাথের বেশ কয়েকটি গান ব্যবহার করা হয়েছে।গতকাল দুপুর থেকে নাটকটির একাধিক কারিগরি মঞ্চায়ন হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার মিলনায়তনে। সন্ধ্যা সাতটায় আমন্ত্রিত দর্শকের উপস্থিতিতে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হয়। ২১ জুন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি দর্শকের জন্য প্রদর্শনীর আয়োজন করা হবে।মুক্তির উপায় নাগরিক নাট্যাঙ্গনের ১৯তম প্রযোজনা। আলোক নির্দেশনা দিয়েছেন জসীম উদ্দিন। সেট ডিজাইন করেছেন আলী আহমেদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন: শারমিন আক্তার, আসমা দেবযানী, কান্তা জামান, ফেরদৌসি রিয়া, হাবিবুল্লা বাহার, সাজ্জাদ রেজা, প্রলয় জামান, জুবায়ের হিল্লোল, নোমান শরীফ প্রমুখ।শিশুদের চিত্রকর্মে বাংলার নিসর্গসংগীত উৎসবের মঞ্চে একতারা হাতে বাউল, সামনে হাজারো দর্শক-শ্রোতা। ফসলের মাঠের এক পাশে গাছপালাবেষ্টিত ছোট বাড়ির উঠোনে চাষিবউ ধান ভানছেন। নদীর বুকে নানা রঙের পালতোলা নৌকা। আরও আছে শহীদ মিনার, স্মৃতিসৌধ ও লাল-সবুজ পতাকা। তবে অধিকাংশ ছবিতে গ্রামবাংলার দৃশ্য।এসব ছবি এঁকেছে জাতীয় শিশু চিত্রকলা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খুদে আঁকিয়েরা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের ছবি থেকে বাছাই করা ৮০টি ছবি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শুরু হয়েছে প্রদর্শনী। সারা দেশের চার হাজার ১৫৫ জন শিশু এতে অংশ নেয়। পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল আয়োজিত এ প্রতিযোগিতার শিরোনাম ছিল ‘বৈশাখে ছবি আঁকো জ্যৈষ্ঠে প্রদর্শনী’।গতকাল বৃহস্পতিবার বিকেলে এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন শিল্পী মনিরুল ইসলাম; বিশেষ অতিথি মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শহীদুল হক। স্বাগত বক্তব্য দেন শিল্পী বীরেন সোম।প্রদর্শনী উৎসর্গ করা হয়েছে সদ্যপ্রয়াত বরেণ্য শিল্পী মোহাম্মদ কিবরিয়া ও মকবুল ফিদা হুসেনকে। চলবে ১৫ জুন পর্যন্ত। গ্যালারি খোলা থাকবে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত। চিত্রকর্ম বিক্রির টাকা জমা হবে পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের কল্যাণ তহবিলে।আয়োজকেরা জানান, ২২ জুন বিকেলে কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার চূড়ান্ত ফল ঘোষণা এবং পুরস্কার বিতরণ করা হবে। যে ৮০ জনের চিত্রকর্ম প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছে, তাঁদের প্রত্যেককে সনদ প্রদান করা হবে। এ ছাড়া চ্যাম্পিয়নকে দেওয়া হবে ১০ হাজার টাকার প্রাইজবন্ড, চ্যাম্পিয়ন গোল্ডেন ট্রফি ও উত্তরীয়। চারজন রানারআপের প্রত্যেককে দেওয়া হবে দুই হাজার টাকার প্রাইজবন্ড, পদক ও উত্তরীয়। বাকি ৭৫ জনের প্রত্যেককে ৩০০ টাকার প্রাইজবন্ড ও পদক প্রদান করা হবে।টরন্টোতে রবীন্দ্র উত্সবটরন্টো প্রতিনিধি জানান, কানাডার টরন্টোয় বসবাসকারী বাঙালিদের সম্মিলিত উদ্যোগে গত শনিবার দিনব্যাপী রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে ছিল নানা আয়োজন। অনুষ্ঠানে কবির চিত্রকলা প্রদর্শনী, আলোচনা, আবৃত্তি, গান, নৃত্য ও নাটক পরিবেশিত হয়। অরুণা হায়দারের পরিচালনায় নৃত্যনাট্য ভানুসিংহের পদাবলী, আহমেদ হোসেনের নির্দেশনায় নাটক সূক্ষ্ম বিচার এবং আখতার হোসেনের নির্দেশনা ও নাট্যরূপে ‘পোস্টমাস্টার’ অবলম্বনে নাটক পরিবেশিত হয়। নৃত্য পরিবেশন করেন পৃথুলা প্রসূন। অনুষ্ঠান পরিচালনা করেন আজিজুল মালিক।