কলকাতা, বহরমপুর সফরে নাট্যকেন্দ্র
গত বছর দলের প্রতিসরণ নাটকটি নিয়ে কলকাতা সফর করে নাট্যকেন্দ্র। আবারও নাটক মঞ্চায়নের জন্য ভারতে যাচ্ছে নাট্যকেন্দ্র। তবে এবার দুই জায়গায় নাটক প্রদর্শনী করবে দলটি। এ সফরে প্রথমবারের মতো দেশের বাইরে আরজ চরিতামৃত নাটকটি মঞ্চায়ন করবে। দল সূত্রে জানা গেছে, ৮ ফেব্রুয়ারি বহরমপুরের যোগাটনীর আয়োজনে মঞ্চায়ন করবে একটি প্রদর্শনী। আর ১০ ফেব্রুয়ারি নান্দিপটের আয়োজনে কলকাতায় আরেকটি প্রদর্শনী হবে নাটকটির। এর আগে তারিক আনাম খানের নেতৃত্বে ৬ ফেব্রুয়ারি দলটি বহরমপুরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবে। নাট্যকেন্দ্রের সাংগঠনিক সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, ‘এ নাটকটি আমরা বহু বছর আগে মঞ্চে এনেছি। ঢাকার মঞ্চে খুবই জনপ্রিয় নাটকটি। কিন্তু এর আগে নাটকটি নিয়ে দেশের বাইরে যাওয়া হয়নি। এবারই প্রথম যাচ্ছি। আশা করি কলকাতা ও বহরমপুরের দর্শকের কাছে নাটকটি প্রশংসা পাবে। গত বছর আমরা তৌকীর আহমেদের রচনা ও নির্দেশিত প্রতিসরণ নাটকটি নিয়ে কলকাতা সফর করেছি।’এই সফরে যাচ্ছেন তারিক আনাম খান, ঝুনা চৌধুরী, ইকবাল বাবু, ইউসুফ হাসান, সঙ্গীতা চৌধুরী, লুসি তৃপ্তি গোমেজ, অভিদ রেহান, তাসমেরী, শুভ, সাইদ প্রমুূখ।নাটকটির রচয়িতা মাসুম রেজা আর নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। জানা গেছে, ১২ ফেব্রুয়ারি দলটি দেশে ফিরে আসবে।