কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

কলকাতায় শুরু হয়েছে আট দিনব্যাপী ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। গতকাল সোমবার বিকেল পাঁচটায় প্রদীপ জ্বালিয়ে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন বলিউড তারকা অমিতাভ বচ্চন। পাশে ছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়, বলিউড তারকা শাহরুখ খান, ইরফান খান, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রাই বচ্চন, তনুজা, মৌসুমী, অস্ট্রেলিয়ার চিত্রনির্মাতা পল ককস। টালিউড তারকাদের মধ্যে ছিলেন রণজিৎ মল্লিক, সুপ্রিয়া দেবী, গৌতম ঘোষ, সন্দ্বীপ রায়, দীপংকর দে, অমল পালেকর, সন্ধ্যা রায়, মুনমুন সেন, প্রসেনজিৎ, যিশু সেনগুপ্ত, দেব, কোয়েল মল্লিক, কৌশিক গঙ্গোপাধ্যায় প্রমুখ।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করে অমিতাভ বচ্চন বলেন, ‘গত বছর চলচ্চিত্র উৎসবে যোগ দিয়ে আমি বলে গিয়েছিলাম এ বছর আমি আমার পুরো পরিবার নিয়ে আসব। কথা রেখেছি।’ এরপর তিনি রবীন্দ্রনাথের ‘পুরোনো সেই দিনের কথা’ বাংলায় আওড়ান।
শাহরুখ খান বলেন, ‘গতবার আমি কথা দিয়েছিলাম এবার আমি এলে বাংলায় ভাষণ দেব। ভাষণের কিছুটা আমি বাংলায় দিতে পেরেছি।’
উদ্বোধনী অনুষ্ঠানে মোড়ক উন্মোচন করা হয় হানড্রেড ইয়ার্স অব বাংলা ফিল্ম মিউজিক-এর সিডি/ডিভিডি।
কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধন হয় এই চলচ্চিত্র উৎসবের। উৎসবে যোগ দিয়েছে ৬০টি দেশের ২৫৪টি ছবি। এর মধ্যে ১১৭টি স্বল্পদৈর্ঘ্য এবং তথ্যচিত্র। উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হয় ইতালির ইতালিয়ানো বারাকো ছবিটি।
শিশু বিভাগে ১৪ নভেম্বর দেখানো হবে বাংলাদেশের ছবি গাড়িওয়ালা। এটি পরিচালনা করেছেন আশরাফ শিশির। গত বছর উৎসবে যোগ দেওয়া মোস্তফা সরয়ার ফারুকীর টেলিভিশন ছবিটি যোগ দিয়েছিল, পেয়েছিল পুরস্কারও। উৎসব শেষ হবে ১৭ নভেম্বর।