কলকাতা উৎসব মঞ্চে তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেন অতিথিরা
মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবের উদ্বোধন করেন অতিথিরা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে লিখেছিলেন, রোববারের সন্ধ্যাটার জন্য মুখিয়ে আছেন তিনি। হ্যাঁ, তাঁর কথাই সত্যি হলো। গত রোববার সন্ধ্যায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ তারায় তারায় ভরে গিয়েছিল। উৎসব উদ্বোধন করতে এসেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, কমল হাসান, সন্ধ্যা মুখোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, সাবিত্রী চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, প্রসেনজিৎ, সন্দীপ রায়, জিৎ, দেব, কোয়েল মল্লিক, রাইমা সেনসহ আরও অনেকে। তাঁরা সবাই ছিলেন মঞ্চে।
অনুষ্ঠানে এক পর্যায়ে জয়া বচ্চন আর মিঠুনকে মাইক্রোফোনের সামনে আসার জন্য ডাকলেন প্রসেনজিৎ। জয়া বললেন, ‘এখানে অনেক বিদেশি অতিথি আছেন, তাই বাংলা বলছি না। কিন্তু আমরা এই তিনজনই (জয়া, মিঠুন, প্রসেনজিৎ) সত্যিকারের বাঙালি।’ ঘাড় ঘুরিয়ে অমিতাভ বচ্চন, শাহরুখ খান আর কমল হাসানকে উদ্দেশ্য করে একটু খোঁচা দিয়ে বললেন, ‘বাকিরা সত্যিকারের বাঙালি নন।’
জয়া আরও বললেন, ‘প্রায় ৩০ বছর পর অনেক পুরোনো লোকজনের সঙ্গে দেখা হলো আজ! খুব ভালো লাগছে!’ তারপরই মঞ্চে বসা সাবিত্রী চট্টোপাধ্যায়ের দিকে তাকিয়ে বললেন, ‘সাবিত্রীদি, আমি আপনার ধন্যিমেয়ে!’
বাংলার শুভেচ্ছাদূত শাহরুখ খান মঞ্চে শপথবাক্য পড়লেন, ‘পরেরবার বাংলা শিখে আমিও নিজেকে সত্যিকারের বাঙালি প্রমাণ করেই ছাড়ব। আর বাংলা শেখার জন্য জয়াজিকেই (জয়া বচ্চন) পাকড়াও করব।’
জয়া তখন ইঙ্গিত করে শাহরুখকে বুঝিয়ে দিলেন, বাঙালিয়ানাটা ভেতরের ব্যাপার! হূদয়ের ব্যাপার!
অমিতাভ বচ্চন তাঁর বক্তৃতায় বাংলা ভাষা আর সাহিত্য চলচ্চিত্রকে কীভাবে সমৃদ্ধ করেছে, সেই প্রসঙ্গে বলতে গিয়ে চলচ্চিত্রের নানা দিক তুলে ধরেন।
রাতে অমিতাভ তাঁর টুইটারে লিখেছেন, তিনি প্রথম চাকরি করেছিলেন কলকাতা শহরে। কলকাতার রাস্তা দিয়ে যাওয়ার সময় সেই স্মৃতি ভিড় করেছে তাঁর মনে—‘কলকাতায় এখন নতুন নতুন বাড়ি। পুরোনো অনেক কিছুই নেই। কিন্তু কলকাতার মানুষ আর তাদের ভালোবাসা, তার কোনো পরিবর্তন নেই!’