কলকাতা উৎসবে প্রশংসিত 'গাড়িওয়ালা'
১৭ নভেম্বর শেষ হলো ২০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। এ উপলক্ষে সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয় কলকাতার নজরুল মঞ্চে। এ উত্সবে এবার যোগ দিয়েছিল বাংলাদেশের ছবি গাড়িওয়ালা। ছবিটি পরিচালনা করেছেন আশরাফ শিশির। এটি দুবার প্রদর্শিত হয় উত্সবে। ১২ নভেম্বর শিশির মঞ্চে এবং ১৫ নভেম্বর নজরুল তীর্থ মিলনায়তনে। দুটি প্রদর্শনীতেই প্রচুর দর্শক ছিলেন। আশরাফ শিশির প্রথম আলোকে বলেন, ‘আমি সত্যিই গর্বিত। কলকাতার চলচ্চিত্রপ্রেমীরা আমার ছবি দেখে যেভাবে প্রশংসা করেছেন, তাতে আমি ভবিষ্যতে আরও ভালো ছবি করার অনুপ্রেরণা পাব।’
১০ নভেম্বর দেশ-বিদেশের একঝাঁক তারকার উপস্থিতিতে শুরু হয়েছিল আট দিনব্যাপী এই আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব। উত্সবের উদ্বোধন করেছিলেন অভিনেতা অমিতাভ বচ্চন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এই চলচ্চিত্র উত্সবে এবার ৬০টি দেশের ২৫৪টি ছবি প্রদর্শিত হয়। এ উত্সবে উপস্থিত ছিলেন ৩০টি দেশের ৪০ জন অতিথি। উত্সবের উদ্বোধনী ছবি হিসেবে দেখানো হয় ইতালির ইতালো বারাকো।