কলকাতা উৎসবে 'টেলিভিশন', '১৯৭১' ও 'উধাও'
কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এবার অংশ নিচ্ছে বাংলাদেশের মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন, তানভীর মোকাম্মেলের ১৯৭১ এবং অমিত আশরাফের উধাও। এবার উৎসবে ৬৩টি দেশের ১৮৯টি চলচ্চিত্র অংশ নিচ্ছে। আট দিনের এই উৎসব শুরু হবে ১০ নভেম্বর। ওই দিন নেতাজি ইনডোর স্টেডিয়ামে উৎসব উদ্বোধন করবেন অমিতাভ বচ্চন। উদ্বোধনী অনুষ্ঠানে আরও থাকছেন শাহরুখ খান, মিঠুন চক্রবর্তী, কমল হাসান, প্রসেনজিৎসহ দেশ-বিদেশের প্রখ্যাত শিল্পী ও কলাকুশলীরা। উদ্বোধনের পর ঋতুপর্ণ ঘোষের সানগ্লাস ছবির হিন্দি রূপান্তরটির প্রদর্শনী হবে।
জানা গেছে, উৎসবের প্রামাণ্যচিত্র বিভাগে প্রদর্শন করা হবে ১৯৭১। আর অমিত আশরাফের উধাও প্রদর্শন করা হবে উৎসবের অঙ্গসংগঠন সিনে সেন্ট্রাল আয়োজিত উৎসবে।
গত সোমবার বিকেলে কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র নন্দন ২-এ আয়োজিত সংবাদ সম্মেলনে কলকাতা চলচ্চিত্র উৎসবের নির্ঘণ্ট ঘোষণা করেন উৎসব কমিটির চেয়ারম্যান অভিনেতা রঞ্জিত মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন চিত্রপরিচালক হরনাথ চক্রবর্তী, অভিনেতা দীপংকর দেসহ উৎসবের কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উৎসবের সমাপনী অনুষ্ঠানে বলিউডে জনপ্রিয় হওয়া পাঁচজন বাঙালি নায়িকাকে সংবর্ধনা দেওয়া হবে। এই পঞ্চকন্যারা হলেন মৌসুমী চ্যাটার্জি, সুস্মিতা সেন, রানী মুখার্জি, বিপাশা বসু ও কঙ্কণা সেন শর্মা।
এদিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক পীযূষ বন্দ্যোপাধ্যায়কে এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।