কলকাতা উৎসবের প্রদীপ জ্বালালেন অমিতাভ-কমল-শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও কমল হাসান
১৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও কমল হাসান

১৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে গতকাল রোববার সন্ধ্যায়। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উৎসবের সূচনা করেন আমন্ত্রিত তারকারা।
জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে আয়োজনটিকে অলংকৃত করেন বলিউডের কিংবদন্তির তিন অভিনয়শিল্পী অমিতাভ বচ্চন, শাহরুখ খান ও কমল হাসান। শুধু তাঁরাই নন, গতকাল সন্ধ্যায় কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধনে ভারতীয় চলচ্চিত্রের রথী-মহারথীরা একসঙ্গে মিলিত হয়েছিলেন। অনুষ্ঠানে অমিতাভ বচ্চনকে উত্তরীয় পরিয়ে দেন কলকাতা চলচ্চিত্রের এ সময়ের জনপ্রিয় জুটি দেব ও কোয়েল মল্লিক। জানিয়েছে ইন্দো-এশিয়া নিউজ।
১৯তম কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘প্রতিবছর অসংখ্য মানুষ এ উত্সবে ছবি দেখেন, সেই বিচারে বিশ্বের সেরা চলচ্চিত্র উত্সব হলো কলকাতার এই চলচ্চিত্র মেলা।’
তারকাবহুল এ আয়োজনে টালিউডের প্রায় সব তারকার সন্নিবেশ ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়া বচ্চন, মিঠুন চক্রবর্তী, রঞ্জিত মল্লিক, প্রসেনজিত্, কোয়েল, শুভশ্রী, শ্রাবন্তী, কঙ্কণা সেনশর্মা দেব, জিৎ, সন্ধ্যা রায়, উষা উত্থুপ, সাবিত্রী চ্যাটার্জি, সুপ্রিয়া দেবী, মাধবী মুখার্জি, অপর্ণা সেন, নির্মাতা সন্দীপ রায়, সংগীত পরিচালক দ্বিজেন মুখার্জি, ভারতের সাবেক ফুটবল অধিনায়ক পি কে ব্যানার্জিসহ আরও অনেকে।

আট দিনব্যাপী এই উৎসবে বিশ্বের ৬৩টি দেশের ১৫২ জন পরিচালকের ১৮৯টি ছবি দেখানো হবে। এর মধ্যে কান চলচ্চিত্র উৎসবের সেরা ‘ব্লু ইজ দ্য ওয়ার্মেস্ট কালার’, ইসরায়েলের পরিচালক আমোস জিতাইয়ের বিতর্কিত ‘আনা আরাবিয়া’র মতো ছবিগুলো প্রদর্শিত হবে। এ ছাড়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এবার বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’, তানভীর মোকাম্মেলের ‘১৯৭১’ এবং অমিত আশরাফের ‘উধাও’।

উত্সবের সমাপনী অনুষ্ঠানে বলিউডে জনপ্রিয় হওয়া পাঁচজন বাঙালি নায়িকাকে সংবর্ধনা দেওয়া হবে। তাঁরা হলেন মৌসুমি চ্যাটার্জি, সুস্মিতা সেন, রানী মুখার্জি, বিপাশা বাসু ও কঙ্কণা সেন শর্মা।